জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার-এর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শোবিজ অঙ্গনে। শুক্রবার (১৫ মে) ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে পরিবার, সহকর্মী ও ভক্তদের মাঝে গভীর শোকের সৃষ্টি হয়েছে।
কারিনার মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন এক পোস্ট দিয়েছেন তাঁর বাবা, জাতীয় ফুটবল দলের সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদ। একমাত্র মেয়েকে হারানোর বেদনা প্রকাশ করে তিনি সবার কাছে মেয়ের জন্য দোয়া ও ক্ষমা প্রার্থনা করেছেন।
নিজের পোস্টে কায়সার হামিদ লিখেছেন, “অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমার প্রাণপ্রিয় আদরের মেয়ে কারিনা কায়সার একটু আগে চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় আমাদের ছেড়ে ওপারে চলে গেছে।”
তিনি আরও লেখেন, “আমার মেয়ের কোনো ভুলত্রুটি হয়ে থাকলে কিংবা কাউকে কষ্ট দিয়ে থাকলে আপনারা তাকে ক্ষমা করে দেবেন। যারা এই দুঃসময়ে আমাদের পাশে ছিলেন, দোয়া করেছেন ও সহযোগিতা করেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন। আমিন।”
পরিবার সূত্রে জানা গেছে, প্রথমে জ্বর ও শারীরিক অসুস্থতায় আক্রান্ত হন কারিনা। পরে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় তাঁর শরীরে সংক্রমণ ধরা পড়ে। একই সঙ্গে হেপাটাইটিস এ ও ই-জনিত জটিলতায় তাঁর লিভার ফেইলিউর দেখা দেয়। অবস্থার অবনতি হলে তাঁকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে তাঁকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে ভেলোরের খ্রিস্টান মেডিক্যাল কলেজ (সিএমসি) হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। চিকিৎসকেরা প্রথমে ফুসফুসের সংক্রমণের চিকিৎসা শুরু করেন। একই সঙ্গে লিভার ট্রান্সপ্লান্টের প্রস্তুতিও চলছিল বলে পরিবার জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট নির্মাতা হিসেবে জনপ্রিয়তা পাওয়া কারিনা কায়সার সাম্প্রতিক সময়ে অভিনয় ও চিত্রনাট্য লেখার কাজেও যুক্ত ছিলেন। তাঁর অকাল মৃত্যুতে শোবিজ অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সামাজিক যোগাযোগমাধ্যমে সহকর্মী, নির্মাতা ও ভক্তরা তাঁকে স্মরণ করে শোক প্রকাশ করছেন।
