মধ্যপ্রাচ্যকে ঘিরে চলমান অচলবাস্থার অবসানে যুদ্ধ বন্ধে ইরানের ফোনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র। এমন ইঙ্গিত দিয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, দুই দেশের মধ্যে চলমান যুদ্ধ বন্ধ করতে ইরান যদি আলোচনা করতে চায়, তবে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করতে পারে।
ফক্স নিউজের ‘দ্য সানডে ব্রিফিং’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, তারা (ইরান) যদি কথা বলতে চায়, তবে তারা আমাদের কাছে আসতে পারে অথবা আমাদের ফোন করতে পারে। ট্রাম্প বলেন, আপনারা জানেন, সেখানে টেলিফোন আছে। আমাদের কাছে চমৎকার ও নিরাপদ যোগাযোগ ব্যবস্থা রয়েছে। ’ট্রাম্প আরও বলেন, তিনি বিশ্বাস করেন ইরান যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে এবং যুক্তরাষ্ট্র এতে বিজয়ী হবে।
এদিকে অন্য আরেক খবরে জানা গেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারে সঙ্গে ফোনে কথা বলেছেন। রবিবার এই দুই নেতার ফোনালাপে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল পুনরায় চালু করার জরুরি প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়। ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, দুই নেতা হরমুজ প্রণালিতে জাহাজ পুনরায় চালু করার জরুরি প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছেন। কারণ গুরুত্বপূর্ণ এই প্রণালি বিশ্ব অর্থনীতি ও যুক্তরাজ্য এবং বিশ্বব্যাপী মানুষের জীবনযাত্রার ওপর গুরুতর প্রভাব ফেলছে। বিবৃতিতে বলা হয়, ব্রিটিশ প্রধানমন্ত্রী ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর সঙ্গে তাঁর যৌথ উদ্যোগের সর্বশেষ অগ্রগতি নিয়ে আলোচনা করেছেন, যাতে হরমুজে স্বাধীনভাবে সব ধরনের নৌযান চলাচল করতে পারে।
