ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের ১০তম ম্যাচে বসুন্ধরা স্ট্রাইকার্সকে ৮৩ রানে হারিয়েছে লিজেন্ড অব রূপগঞ্জ। ব্যাট হাতে ৭০ বলে ১১৬ রানের অপরাজিত ইনিংস খেলার পর বল হাতে ৩ উইকেট শিকার করে ম্যাচসেরা হয়েছেন তরুণ অলরাউন্ডার সামিউন বাছির রাতুল।
প্রথমে ব্যাট করতে নেমে রাতুলের ৭০ বলে অপরাজিত ১১৬, আইচ মোল্লার ৬২ ও তানভীর হায়দারের ৫৬ রানের সুবাদে ৮ উইকেট হারিয়ে ৩৫৮ রানের পাহাড় গড়ে রূপগঞ্জ। বসুন্ধরার হয়ে ২টি করে উইকেট শিকার করেন রুয়েল মিয়া, ইরফান হোসেন ও সানজামুল ইসলাম।
৩৫৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে জিয়াউর রহমানের ৩৮ বলে ৬১ রানের ঝড়ো ইনিংসের ফলে পরাজয়ের ব্যবধান কমালেও ২৭৫ রানে অলআউট হয় বসুন্ধরা। জিয়ার ঝড়ো ফিফটি ব্যতীত আমিনুল ৪২, সোহান ৩৩, ফজলে মাহমুদ ৩২, আল আমিন ৩২, সাইফ ২২ ও ইমরানুজ্জামান ২২ রান অর্থাৎ প্রত্যেকেই দারুণ শুরু করলেও মাত্র ২০৫ রানে ৭ উইকেট হারানোর পর জিয়ার ব্যাটিং ঝড় পরাজয়ের ব্যবধান কমিয়েছে মাত্র।
রূপগঞ্জের হয়ে মেহেদী হাসান ৩, সামিউন বাছির ৩ ও আবদুল হালিম ২ উইকেট শিকার করেন। ক্যারিয়ারের প্রথম লিষ্ট এ শতক সহ অলরাউন্ড পারফর্ম করে ম্যাচসেরা হয়েছেন সামিউন বাছির রাতুল।
এটি রূপগঞ্জের টানা ২য় জয় ও বসুন্ধরা স্ট্রাইকার্সের ২য় ম্যাচে প্রথম পরাজয়।
