সিরিয়ার সামরিক বাহিনী মার্কিন সৈন্যদের ব্যবহৃত সকল সামরিক ঘাঁটির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। দামেস্ক জানিয়েছে, এই হস্তান্তরের মাধ্যমে কুর্দি-নেতৃত্বাধীন যোদ্ধাদের জাতীয় সামরিক কাঠামোর অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে।
গত বৃহস্পতিবার হাসাকাহ প্রদেশের কাসরাক বিমান ঘাঁটি থেকে মার্কিন সৈন্য ও সরঞ্জামবাহী সর্বশেষ কনভয়টি প্রস্থান করার পর এই ঘোষণা আসে।
এর মাধ্যমে ২০১৪ সালে আইএসআইএল-এর বিরুদ্ধে লড়াইয়ের উদ্দেশ্যে শুরু হওয়া মার্কিন সামরিক উপস্থিতির অবসান ঘটল।
এই বিশেষ দিনে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা দামেস্কে এসডিএফ-এর প্রধান সেনাপতি মাজলুম আবদি এবং রাজনৈতিক প্রধান ইলহাম আহমাদের সঙ্গে সাক্ষাৎ করেন। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই পদক্ষেপকে পুরো দেশকে একটি একক রাষ্ট্রীয় কর্তৃপক্ষের অধীনে আনার প্রচেষ্টার ফসল হিসেবে বর্ণনা করেছে।
তারা আরও জানিয়েছে যে, গত নভেম্বরে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট আল-শারা এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের পর দুই দেশের মধ্যে যে গঠনমূলক সম্পর্ক তৈরি হয়েছে, তার ভিত্তিতেই এই সমন্বিত হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
মার্কিন সেন্ট্রাল কমান্ডও নিশ্চিত করেছে যে তারা একটি পরিকল্পিত ও শর্তসাপেক্ষ রূপান্তরের অংশ হিসেবে সিরিয়ার প্রধান ঘাঁটিগুলো হস্তান্তর সম্পন্ন করেছে।
জানুয়ারি ও মার্চ মাসে হওয়া চুক্তির অধীনে কুর্দি যোদ্ধাদের সিরিয়ার জাতীয় সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হচ্ছে এবং হাসাকাহ ও কামিশলির মতো গুরুত্বপূর্ণ শহরসহ সীমান্ত এলাকাগুলোর নিয়ন্ত্রণ এখন দামেস্কের হাতে।
সিরিয়া আন্তর্জাতিক সন্ত্রাসবাদ বিরোধী জোটে যোগ দেওয়ায় দেশটির রাজনৈতিক অবস্থানে আমূল পরিবর্তন এসেছে। নিরাপত্তা নিশ্চিত করতে মার্কিন সৈন্যরা ইরাকের পরিবর্তে জর্ডান হয়ে স্থলপথে তাদের সরঞ্জাম সরিয়ে নিয়েছে।
আল-জাজিরা থেকে অনুদিত
