শনিবার, ১৮ জুলাই ২০২৬
Logo
×

সুদানে ড্রোন হামলায় নিহত ২৩, আহত অন্তত ১৯

প্রথম সমাচার ডেস্ক ১১ জুন ২০২৬, ১০:০৫ অপরাহ্ন

সুদানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এল-ওবেইদ শহরে ড্রোন হামলায় অন্তত ২৩ জন নিহত এবং আরও অন্তত ১৯ জন আহত হয়েছেন। মানবাধিকার সংগঠন ‘ইমার্জেন্সি লয়ার্স’ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। ২০২৩ সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর এটিকে অন্যতম প্রাণঘাতী ড্রোন হামলা হিসেবে উল্লেখ করা হয়েছে।

সংগঠনটির দাবি, বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার পর্যন্ত চলা হামলায় আবাসিক এলাকা, একটি জানাজার জমায়েত এবং খাদ্যবাহী একটি ট্রাককে লক্ষ্যবস্তু করা হয়। তারা এ হামলার জন্য আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-কে দায়ী করেছে। তবে এ অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং আরএসএফের পক্ষ থেকেও কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলায় বহু বাড়িঘর ধ্বংস হয়ে গেছে এবং হতাহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। একজন বাসিন্দা জানান, ধসে পড়া ঘরের নিচে মানুষ চাপা পড়েছেন। চিকিৎসা সূত্রের বরাতে জানা গেছে, নিহতদের মধ্যে অন্তত দুটি শিশু ও তাদের মা রয়েছেন।

উত্তর কর্দোফানের রাজধানী এল-ওবেইদ কয়েক মাস ধরে আরএসএফের আংশিক অবরোধের মধ্যে রয়েছে। গত বছর পশ্চিম দারফুরে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ঘাঁটি এল-ফাশেরের পতনের পর কর্দোফান অঞ্চলে সংঘর্ষ আরও তীব্র হয়েছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সুদানজুড়ে ড্রোন হামলায় অন্তত ৮৮০ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ২০২৩ সালের এপ্রিল থেকে শুরু হওয়া সংঘাতে এ পর্যন্ত কয়েক হাজার মানুষ প্রাণ হারিয়েছেন এবং ১ কোটি ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। জাতিসংঘ এই সংকটকে বিশ্বের সবচেয়ে বড় বাস্তুচ্যুতি ও ক্ষুধা সংকটগুলোর একটি হিসেবে বর্ণনা করেছে।

সূত্র: এএফপি

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...