মঙ্গলবার, ০২ জুন ২০২৬
Logo
×
ওসমান হাদীর খুনিকে উদ্দেশ্য করে মমতা

সেই খুনির নাম বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে

প্রথম সমাচার ডেস্ক ০২ জুন ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন

‘আমি সেই নামটা বলতে চাইছি না, বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে’, ভারতের বিজেপি সরকারের উদ্দেশে এমন কড়া বার্তা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ সময় বাংলাদেশকে ভালোবাসেন এবং দেশের স্বার্থে ওই নাম বলবেন না বলেও জানান তিনি।

বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর মঙ্গলবার (২ জুন) কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলায় প্রথম রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ সময় বাংলাদেশের কোনো এক আলোচিত হত্যাকাণ্ডকে ইঙ্গিত করে এমন বিস্ফোরক মন্তব্য করেন তিনি।

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে প্রশ্ন ছুড়ে মমতা বলেন, ‘কাকে দিয়ে খুন করিয়েছিলেন? কার কার নাম বেরিয়ে ছিল? আজকের সরকার পরিবর্তন হলেও আমি সবটাই জানি। আমার হৃদয়টাই একটা কথার ভান্ডার, তথ্যভান্ডার।’

তৃণমূল কংগ্রেস নেত্রী বলেন, ‘বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে রাজ্য পুলিশের এসটিএফ গ্রেপ্তার করেছিল। যা নিয়ে বাংলাদেশে অনেক আন্দোলন হয়েছিল। অন্য দেশের কথা আমি বলছি না। আমার অধিকারও নেই বলার। কিন্তু আমি যেটা বলতে চাইছি তা হলো, ওই হত্যাকারীরা মেঘালয় সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গে চলে আসে। বাংলায় আসার পর আমাদের এসটিএফ তাদের ধরে ফেলে। এইটা তাদের কৃতিত্ব।’

অমিত শাহর ফোন করা নিয়ে তিনি বলেন, ‘কিন্তু তারপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে আমাকে ফোন করে জানিয়েছিলেন, আপনি রাজ্য পুলিশকে জানিয়ে দিন এটা যেন বাইরে না যায়। কারণ এটা দেশের ব্যাপার।’

এ সময় তিন বলেন, ‘এত দিন আমি বলিনি। কিন্তু আজকে অত্যাচারে শেষ সীমায় গেছে বলে আমাকে মুখ খুলতে হয়েছে। আমি সেই নামটা বলতে চাইছি না, বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে। আমি বাংলাদেশকে ভালোবাসি। দেশের স্বার্থে ওই নাম আমি বলব না।’

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...