শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
Logo
×

স্ত্রীকে তালাক দিয়ে নতুন বিয়ের প্রস্তুতি, দুপক্ষের সংঘর্ষে আহত ৭

প্রথম সমাচার ডেস্ক ১৮ এপ্রিল ২০২৬, ১০:২৮ অপরাহ্ন

চাঁদপুরের ফরিদগঞ্জে স্ত্রীকে তালাক দেওয়ার পর নতুন করে বিয়ের প্রস্তুতিকালে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৭ জন আহত হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চরমথুরা গ্রামের গাজী বাড়িতে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মথুরা গ্রামের রফিকুল ইসলাম গাজীর ছেলে মহিম উদ্দিন রুবেলের সঙ্গে দক্ষিণ চরবড়ালি গ্রামের আবদুস ছোবহানের মেয়ে রিমা আক্তারের ২০২৪ সালে ১৪ আগস্ট বিয়ে হয়। বিয়ের পর রুবেল প্রবাসে চলে যান। সম্প্রতি রুবেল দেশে ফিরে আসার পর স্ত্রী রিমা আক্তারের শারীরিক অক্ষমতার কথা উল্লেখ করে গত ৩ মার্চ নোটারি পাবলিকের মাধ্যমে তালাক দেন। এরইমধ্যে শনিবার রুবেল পুনরায় বিয়ের দিন ধার্য্য করে তার পরিবার। এই খবর পেয়ে রুবেলের আগের স্ত্রী রিমা আক্তার ও তার পরিবারের সদস্যরা রুবেলের বাড়িতে উপস্থিত হলে দুপক্ষের মধ্যে ঝগড়ার একপর্যায়ে মারামারি হয়। এতে উভয়পক্ষের অন্তত ৭ জন আহত হয়।

আহতের মধ্যে রিমা আত্তার, তার মা কোহিনুর বেগম, ভাই সাইফুল ইসলাম, খালাতো ভাই রাব্বি ও খালা সাহিনুর বেগম। এর মধ্যে গুরুতর আহত সাইফুল ইসলামকে প্রথমে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে পরে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় রেফার্ড করা হয়। এ ছাড়া রুবেলের পরিবারের কয়েকজন আহত হয়।

রিমা আক্তার বলেন, রুবেল প্রায় ৪ আগে দেশে ফিরে আমাকের তাদের বাড়ি নিয়ে আসে। কয়েক দিন আগে আমাকে বাবার বাড়িতে রেখে এসে আর খোঁজখবর নেয়নি। শুনেছি সে আমাকে কোর্টের মাধ্যমে তালাক দিয়েছে, যা সঠিক নয়। আজ সে আমাকে না জানিয়ে দ্বিতীয় বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে আমি আমার পরিবারের সদস্যরা এলে তারা আমাদের ওপর হামলা করে। আমাদের বেশ কয়েকজনকে মেরে আহত করেছে।

অন্যদিকে প্রবাসী রুবেল জানান, রিমা শারীরিকভাবে অক্ষম। এজন্য গত ৩ মার্চ নোটারি পাবলিকের মাধ্যমে তালাক দিয়েছি। আজ আমি আবার বিয়ের করতে রওনা হওয়ার মুহূর্তে তারা বাড়িতে এসে হামলা করে। হামলায় আমাদের পরিবারের কয়েকজন সদস্য আহত হয়েছে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। তবে এই বিষয়ে কোনো পক্ষ থানায় অভিযোগ দিতে আসেনি।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...