বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা।
তিনি বলেন, অপরাধ অনুযায়ী শাস্তির আওতায় আনতে হবে। অপরাধের বিচার দ্রুত সময়ের মধ্যে কার্যকর করতে হবে। নাহলে দেশে খুনের ঘটনা দেখতে হবে।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে কুষ্টিয়া পৌর ঈদগাহ ময়দানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনার জানাজায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
বুধবার বিশ্ববিদ্যালয়ের নিজ কার্যালয়ে ছুরিকাঘাতে খুন হন রুনা। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
জানাজায় অংশ নিয়ে আমির হামজা বলেন, এটা শোনার পর আমরা শোকাহত ছিলাম। আমরা নিস্তব্ধ হয়ে গিয়েছিলাম। যদিও উনি আমার সরাসরি শিক্ষক না। আমার প্রাণপ্রিয় বিশ্ববিদ্যালয়ের সাড়ে ৪০০ শিক্ষক আছেন। সবাইকে শিক্ষক মনে করি।
তিনি বলেন, আমরা সরকারের কাছে আহ্বান জানাব—আগামীতে যেন বিচারহীনতা বন্ধ করা হয়, এ ধরনের ঘটনা ঘটতে থাকবে। আজকে বিশ্ববিদ্যালয়ে হয়েছে, কালকে সরকারি কলেজে হবে। সুতরাং এগুলো বন্ধ করার জন্য রাষ্ট্রের নিয়ম-নীতি যেন ১০০ ভাগ কার্যকর করা হয়।
জানাজায় আরও উপস্থিত ছিলেন—ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) ড. নকিব মোহাম্মদ নসরুল্লাহ ও উপ-উপাচার্য (প্রো-ভিসি) ড. মো. ইয়াকুব আলী, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া জজ কোর্টের বিশেষ সহকারী কৌঁসুলি অ্যাডভোকেট শামিম উল হাসান অপুসহ বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা। এছাড়াও জানাজায় অংশ নেন কুষ্টিয়ার বিভিন্ন এলাকা থেকে আশা সাধারণ মানুষ ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা।
