সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
Logo
×

ফাইনালে রানের পাহাড় গড়লো ভারত

প্রথম সমাচার ডেস্ক ০৮ মার্চ ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

শিরোপা নির্ধারণী ম্যাচে প্রথমে ব্যাট করে দুর্দান্ত সূচনা পায় ভারত। দুই ওপেনারের ঝড়ো ব্যাটিংয়ে শুরু থেকেই বড় সংগ্রহের ভিত্তি গড়ে ওঠে। শেষদিকে নিউজিল্যান্ড কিছুটা প্রতিরোধ গড়লেও নির্ধারিত ওভারে বড় রান তুলতে সক্ষম হয় ভারত। সূর্যকুমার যাদবের নেতৃত্বে দলটি কিউইদের সামনে ২৫৬ রানের লক্ষ্য দাঁড় করায়, যা টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে সর্বোচ্চ সংগ্রহের নতুন রেকর্ড।

রোববার (৮ মার্চ) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার প্রথমে ভারতকে ব্যাটিংয়ে পাঠান। ইনিংসের শুরুতেই আক্রমণাত্মক ব্যাটিং করেন ওপেনার স্যাঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা। কিউই বোলারদের ওপর চাপ তৈরি করে দ্রুত রান তুলতে থাকেন তারা। মাত্র চার ওভারেই দলীয় অর্ধশতক স্পর্শ করে ভারত।

অভিষেক শর্মা দারুণ ছন্দে ব্যাটিং করে মাত্র ১৮ বলে ছয়টি চার ও তিনটি ছক্কার সাহায্যে নিজের ফিফটি পূরণ করেন। দলীয় ৯৮ রানে ভারতের প্রথম উইকেট পড়ে, তখন ২৫ বলে ৫৪ রান করে আউট হন অভিষেক।

এরপর ক্রিজে আসা ইশান কিষানকে সঙ্গে নিয়ে আক্রমণ অব্যাহত রাখেন স্যামসন। দুজন মিলে দ্রুত রান তুলে দলের সংগ্রহ বড় করতে থাকেন এবং গড়ে তোলেন ১০৫ রানের গুরুত্বপূর্ণ জুটি। তবে ইনিংসের ১৬তম ওভারে বল হাতে এসে জিমি নিশাম টানা তিনটি উইকেট নিয়ে ভারতের রানের গতি কিছুটা কমিয়ে দেন।

ব্যাট হাতে স্যামসন ৪৬ বলে ৮৯ রানের ঝড়ো ইনিংস খেলেন। ইশান কিষান করেন ২৫ বলে ৫৪ রান। অন্যদিকে অধিনায়ক সূর্যকুমার যাদব কোনো রান না করেই আউট হয়ে ফেরেন। শেষদিকে শিভম দুবের মাত্র ৮ বলে অপরাজিত ২৬ রানের দ্রুত ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৫৫ রান সংগ্রহ করে ভারত।


শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...