বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
Logo
×

এবার এশিয়ান গেমসে ভারত-পাকিস্তান দ্বৈরথের সম্ভাবনা

প্রথম সমাচার ডেস্ক ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০১ অপরাহ্ন

ক্রিকেটপ্রেমীদের জন্য সামনে অপেক্ষা করছে আরও একটি হাইভোল্টেজ ভারত-পাকিস্তান লড়াইয়ের সম্ভাবনা। এশিয়ান গেমস ২০২৬–এ পূর্ণশক্তির পুরুষ ও নারী দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

সেপ্টেম্বর-অক্টোবর মাসে জাপানের আইচি-নাগোয়া ভেন্যুতে অনুষ্ঠিতব্য এই আসরে ক্রিকেট হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। ফলে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর আরেকটি মুখোমুখি লড়াইয়ের মঞ্চ তৈরি হতে পারে।

এশিয়ান গেমসে ক্রিকেট অন্তর্ভুক্ত হচ্ছে চতুর্থবারের মতো। ২০১০ গুয়াংজু ও ২০১৪ ইনচনে ক্রিকেট ছিল। তবে তখন আন্তর্জাতিক মর্যাদা পায়নি। ২০১৮ জাকার্তায় বাদ পড়লেও ২০২৩ হাংজু আসরে আবারও ফিরে আসে ক্রিকেট—এবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) স্বীকৃতি নিয়ে। প্রতিবারই পুরুষ ও নারী—দুটি বিভাগেই টি-টোয়েন্টি ফরম্যাটে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

হাংজু ২০২৩ এ ভারত পুরুষ ও নারী উভয় বিভাগেই সোনা জিতে ডাবল চ্যাম্পিয়ন হয়। পুরুষ বিভাগে রৌপ্য জেতে আফগানিস্তান, নারী বিভাগে শ্রীলঙ্কা। দুই বিভাগেই ব্রোঞ্জ পায় বাংলাদেশ। তার আগে ২০১০ সালে পুরুষ বিভাগে সোনা জিতেছিল বাংলাদেশ এবং নারী বিভাগে পাকিস্তান। ২০১৪–তে পুরুষদের শিরোপা যায় শ্রীলঙ্কার ঘরে, নারীদের সোনা জেতে পাকিস্তান।

এবারের আসরকে অনেকেই দেখছেন আরও বড় মঞ্চের প্রস্তুতি হিসেবে। ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে এক শতাব্দীরও বেশি সময় পর ক্রিকেট ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে। সেই প্রেক্ষাপটে আইচি-নাগোয়া ২০২৬ কেবল আরেকটি আঞ্চলিক প্রতিযোগিতা নয়; বরং অলিম্পিক স্বপ্নের দিকেও একটি গুরুত্বপূর্ণ ধাপ।

সবকিছু ঠিক থাকলে, এই শরতেই আবারও মাঠে গড়াতে পারে উপমহাদেশের সবচেয়ে আলোচিত ক্রিকেট লড়াই।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...