আইপিএলের শুরুতে বড় ধাক্কা খেল সানরাইজার্স হায়দরাবাদ (এসআরএইচ)। পিঠের চোটের কারণে দলের অধিনায়ক প্যাট কামিন্স টুর্নামেন্টের শুরুর কয়েকটি ম্যাচে খেলতে পারবেন না বলে নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
কামিন্সের অনুপস্থিতিতে দলের নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে ইশান কিশানকে। তরুণ এই উইকেটকিপার-ব্যাটারই প্রাথমিক পর্বে দলকে নেতৃত্ব দেবেন। একই সঙ্গে সহ-অধিনায়ক করা হয়েছে ওপেনার অভিষেক শর্মাকে।
দীর্ঘদিন ধরে পিঠের চোটে ভুগছেন কামিন্স। এই ইনজুরির কারণেই তিনি সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও ছিটকে যান। বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যেই রয়েছেন অস্ট্রেলিয়ার এই পেসার।
এর আগে আইপিএলের আগে এসআরএইচের অধিনায়কত্ব পান কামিন্স। তার নেতৃত্বে দল কোয়ালিফায়ার-২ পর্যন্ত উঠেছিল এবং পরের মৌসুমেও প্রতিযোগিতামূলক পারফরম্যান্স দেখায়।
এদিকে শক্তিশালী ব্যাটিং লাইনআপ নিয়ে আবারও নজর কাড়তে চায় এসআরএইচ। ট্রাভিস হেড, অভিষেক শর্মা, ইশান কিশান, হেনরিখ ক্লাসেন ও লিয়াম লিভিংস্টোনদের নিয়ে গড়া ব্যাটিং ইউনিট থেকে বড় রান আসার প্রত্যাশা ভক্তদের।
কামিন্স কবে নাগাদ দলে ফিরবেন, সে বিষয়ে নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি।
