বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
Logo
×

প্রধানমন্ত্রীসহ বিএনপির শীর্ষ নেতারা যেখানে ঈদ করবেন

প্রথম সমাচার ডেস্ক ১৯ মার্চ ২০২৬, ০১:৩২ অপরাহ্ন

প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে। সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিতব্য এই জামাতে তিনিসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশ নেবেন। নামাজ শেষে তিনি দেশের সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) জানিয়েছে, জাতীয় ঈদগাহে ঈদের প্রথম জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। নামাজ আদায় শেষে ঈদের দিন কূটনীতিক, শিক্ষাবিদসহ দেশের সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এদিকে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান জানান, ঈদের দিন সকাল ১০টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী প্রথমে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন। এরপর সকাল ১০টায় যমুনায় এসে কূটনীতিক ও বিশিষ্টজনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

এ ছাড়া ঈদের দিন সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও চেয়ারপারসন খালেদা জিয়ার সমাধিস্থল জিয়ারত করবেন দলের সিনিয়র নেতারা।

অন্যদিকে বিএনপির অন্যান্য নেতারা তারেক রহমানের সঙ্গে ঈদ করলেও বেশিরভাগ শীর্ষ পর্যায়ের নেতারা নিজ নিজ নির্বাচনি এলাকায় ঈদ উদযাপন করবেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, বেগম সেলিমা রহমান ও অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ঢাকায় ঈদ করবেন। পরে তারা নিজ নির্বাচনি এলাকায় যাবেন।

স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় নিজ নির্বাচনি এলাকা কেরানীগঞ্জে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। স্থায়ী কমিটির অপর সদস্য ড. আব্দুল মঈন খান নিজ এলাকায় নরসিংদীর পলাশে, আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামে, সালাহউদ্দিন আহমেদ কক্সবাজারে এবং ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জে ঈদ করবেন।

দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ঢাকায় ঈদ করবেন। এ ছাড়া বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান ও আবদুল আউয়াল মিন্টু ঢাকায়, বরকতউল্লা বুলু নোয়াখালীতে, চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বরিশালে এবং নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু নাটোরের নিজ এলাকায় ঈদ করবেন।

যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন নরসিংদীতে ও শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি লক্ষ্মীপুরে ঈদ করবেন। আরেক যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স ময়মনসিংহে এবং আবদুস সালাম আজাদ মুন্সিগঞ্জের নিজ নির্বাচনি এলাকায় ঈদ করবেন। এ ছাড়া দলটির বেশির ভাগ নেতাই নিজ নিজ এলাকায় ঈদ করবেন।

এ ছাড়া স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও নজরুল ইসলাম খান অসুস্থ থাকায় বিদেশে চিকিৎসা নিচ্ছেন।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...