আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ইরানে আমেরিকার চলমান সামরিক অভিযান শেষ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরকিার হোয়াইট হাউসে বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই সময়সীমার কথা জানান।
আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইরানে পরিচালিত সামরিক কার্যক্রম ধীরে ধীরে গুটিয়ে নেওয়া হচ্ছে এবং এবং আমরা আমাদের নির্ধারিত লক্ষ্য প্রায় অর্জনের পথে। তার ভাষায়, পরিস্থিতি স্বাভাবিক থাকলে নির্ধারিত সময়ের মধ্যেই অভিযান শেষ করা সম্ভব হবে।
মার্কিন প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়েছে, অভিযানের মূল লক্ষ্য পূরণের কাছাকাছি পৌঁছানোয় এখন সমাপ্তির বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে। তবে এই সময়ের মধ্যে ইরান যদি পাল্টা কোনো পদক্ষেপ নেয়, তাহলে পরিস্থিতির পরিবর্তন ঘটতে পারে বলে সতর্ক করা হয়।
চুক্তি প্রসঙ্গে ট্রাম্প আরও বলেন, ইরানকে কোনো আলোচনায় বসতেই হবে বা কোনো চুক্তিতে আসতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। যুক্তরাষ্ট্র চাইলে কোনো সমঝোতা ছাড়াও এই অভিযান শেষ করতে পারে।
তিনি আরও দাবি করেন, এই সামরিক পদক্ষেপের প্রধান উদ্দেশ্য ছিল ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা, এবং সেই লক্ষ্য ইতোমধ্যে পূরণ হয়েছে। তার মতে, বর্তমানে ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র নেই।
এছাড়া ট্রাম্প বলেন, ইরানের শাসনব্যবস্থায় পরিবর্তন আনার উদ্দেশ্যে এই অভিযান পরিচালিত হয়নি। যদিও বক্তব্যের একপর্যায়ে তিনি উল্লেখ করেন, দেশটির বর্তমান শাসন কাঠামোয় ইতোমধ্যে কিছু পরিবর্তন দেখা গেছে।
সূত্র: আল–জাজিরা
