জ্বালানি তেল সরবরাহকে কেন্দ্র করে খাগড়াছড়ি শহরে ট্যাগ অফিসারের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় তাকে মারধর করে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে কয়েকজন যুবকের বিরুদ্ধে।
সোমবার (৬ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে শহরের মহাজনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া সুলতানা। আহত ব্যক্তি হেমন্ত চাকমা, যিনি খাগড়াছড়ি সদর উপজেলা ভূমি অফিসে কর্মরত ছিলেন।
জানা গেছে, সকালে শহরের মেহেরুন্নেছা ফিলিং স্টেশনে জ্বালানি তেল বিতরণ শুরু হয়। নির্ধারিত নিয়ম অনুযায়ী সীমিত পরিমাণে অকটেন দেওয়া হচ্ছিল। তবে কয়েকজন যুবক অতিরিক্ত অকটেন নেওয়ার চেষ্টা করলে ট্যাগ অফিসার হেমন্ত চাকমা তা দিতে অস্বীকৃতি জানান।
এ নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। পরে দুপুরে মহাজনপাড়া এলাকায় খাবার খেতে গেলে ওই যুবকেরা তাকে দোকান থেকে বের করে এনে লাঠিসোটা দিয়ে মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন এবং তার হাত ভেঙে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় প্রশাসন জানিয়েছে, হামলায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
