বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
Logo
×

গাজীপুরে বস্তিতে ভয়াবহ আগুন, পুড়ে গেল প্রায় ৫০টি ঘর

প্রথম সমাচার ডেস্ক ০৬ এপ্রিল ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

গাজীপুরের মিলগেইট এলাকায় একটি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫০টি বসতঘর পুড়ে গেছে। আগুনে ঘরগুলোর ভেতরে থাকা আসবাবপত্র ও মালামালও সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যার দিকে নামাবাজার এলাকার লাল মসজিদ সংলগ্ন বস্তিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বস্তির একটি ঘর থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে এবং পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

অগ্নিকাণ্ডে প্রায় ৫০টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। তবে আগুন লাগার পর বাসিন্দারা দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে পারায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনার পর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে হতাশা ও কান্নার দৃশ্য দেখা গেছে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...