অস্ট্রেলীয় ক্রিকেটের অন্যতম মহাতারকা ডেভিড ওয়ার্নার মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে সিডনিতে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। গত রবিবার (৫ এপ্রিল) বিকেলে সিডনির মারুব্রা এলাকায় একটি নিয়মিত তল্লাশি চৌকির কাছে এই ঘটনা ঘটে।
নিউ সাউথ ওয়েলস (NSW) পুলিশ জানিয়েছে, বিকেল ৫:৩০ মিনিটের দিকে মারুব্রার মালাবার রোডে একটি মোবাইল ব্রেথ টেস্টিং ইউনিট (RBT) কাজ করছিল। সে সময় একটি ভ্যান তল্লাশি চৌকি দেখে তার কিছুটা আগেই থেমে যায় এবং চালক গাড়িটি পার্ক করার চেষ্টা করেন। সন্দেহ হওয়ায় ট্রাফিক পুলিশ কর্মকর্তারা গাড়িটির কাছে যান এবং চালকের পরিচয় নিশ্চিত করেন।
প্রাথমিক পরীক্ষায় ওয়ার্নারের শরীরে অ্যালকোহলের উপস্থিতি পাওয়া যায়। এরপর তাকে গ্রেফতার করে মারুব্রা থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় দফা পরীক্ষায় তার রক্তে অ্যালকোহলের মাত্রা পাওয়া যায় ০.১০৪, যা অস্ট্রেলিয়ার বৈধ সীমার (০.০৫) দ্বিগুণেরও বেশি।
ওয়ার্নারকে ‘মিড-রেঞ্জ ড্রিন্ক-ড্রাইভিং’ বা মাঝারিমাত্রার মদ্যপানের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। পুলিশ তাকে আগামী ৭ মে, ২০২৬ তারিখে সিডনির ডাউনিং সেন্টার লোকাল কোর্টে হাজির হওয়ার জন্য নোটিশ (Court Attendance Notice) প্রদান করেছে। অপরাধ প্রমাণিত হলে মোটা অঙ্কের জরিমানা ছাড়াও তার ড্রাইভিং লাইসেন্স বাতিল হতে পারে
বর্তমানে পাকিস্তান সুপার লিগে (PSL) করাচি কিংসের অধিনায়কত্ব করছেন ওয়ার্নার। ইস্টার উপলক্ষে সংক্ষিপ্ত ছুটিতে তিনি সিডনিতে নিজের বাড়িতে গিয়েছিলেন। পুলিশের পক্ষ থেকে ভ্রমণে কোনো নিষেধাজ্ঞা না থাকায় তিনি পুনরায় পাকিস্তানে ফিরে গিয়ে টুর্নামেন্টে অংশ নিতে পারবেন বলে ধারণা করা হচ্ছে। করাচি কিংসের পরবর্তী ম্যাচ আগামী ৯ এপ্রিল।
ক্রিকেট নিউ সাউথ ওয়েলস এক বিবৃতিতে জানিয়েছে যে, তারা বিষয়টি সম্পর্কে অবগত এবং ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে। তারা আইনি প্রক্রিয়ায় ওয়ার্নারকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে।
