জামালপুরে কারাগারে থাকা আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত প্রায় ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত জিয়াউল হক জিয়া জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং দিগপাইত ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
কারা ও পারিবারিক সূত্রে জানা যায়, দুর্নীতি দমন কমিশনের একটি মামলায় গ্রেপ্তার হয়ে গত ১৫ জানুয়ারি থেকে তিনি জামালপুর জেলা কারাগারে ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। মঙ্গলবার দুপুরে তার শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বর্তমানে তার মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
জেলা কারাগারের জেলার লিপি রাণী সাহা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন থাকতেই জিয়াউল হকের মৃত্যু হয়েছে।
এদিকে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এ বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য জানাতে পারেননি।
