বুধবার, ২২ এপ্রিল ২০২৬
Logo
×

জাতীয় সংসদে আজ তিস্তা বাঁধ ও কুমিল্লা-সিলেট মহাসড়ক নিয়ে উত্তাপ

প্রথম সমাচার ডেস্ক ২১ এপ্রিল ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

বাংলাদেশ জাতীয় সংসদের আজকের অধিবেশনে তিস্তা বাঁধ নির্মাণ এবং কুমিল্লা-সিলেট মহাসড়কের জরাজীর্ণ অবস্থা নিয়ে সরকারের কাছে জবাবদিহি চাওয়া হবে বলে আশা করা হচ্ছে।

আজ মঙ্গলবার (৮ বৈশাখ ১৪৩৩) বিকাল ৩টায় সংসদের এই বৈঠক অনুষ্ঠিত হবে।

সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইং থেকে প্রকাশিত দিনের কার্যসূচি অনুযায়ী, নীলফামারী-১ আসনের সংসদ সদস্য মোঃ আব্দুস সাত্তার বহুল আলোচিত “তিস্তা বাঁধ নির্মাণ” ইস্যুতে পানি সম্পদ মন্ত্রীর মনোযোগ আকর্ষণ করবেন।

উত্তরাঞ্চলের কোটি মানুষের জীবন-জীবিকার সঙ্গে সম্পর্কিত এই বিষয়টি দীর্ঘদিন ধরে আলোচনায় থাকলেও দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় সংসদে প্রশ্ন উঠছে।

একই অধিবেশনে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য মোঃ আবুল হাসানাত “কুমিল্লা-সিলেট মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের ধীরগতি” এবং সড়কের বেহাল দশার কারণে সাধারণ মানুষের যে দুর্ভোগ পোহাতে হচ্ছে, সে বিষয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর কাছে জরুরি জবাব চাইবেন।

দীর্ঘদিন ধরে প্রকল্পটি নানা জটিলতায় আটকে থাকায় যাত্রী ও পণ্যবাহী যানবাহন চালকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

অধিবেশনে আরও থাকছে অর্থ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ সংক্রান্ত প্রশ্নোত্তর পর্ব। এ ছাড়া মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপর আনীত ধন্যবাদ প্রস্তাবেও আলোচনা হবে।

কার্যসূচিটি সংসদ সচিব ব্যারিস্টার মোঃ গোলাম সরওয়ার ভূঁইয়া গতকাল ২০ এপ্রিল স্বাক্ষর করে জারি করেন।

সূত্র: বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়, www.parliament.gov.bd

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...