সোমবার, ২৫ মে ২০২৬
Logo
×

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বাংলাদেশকে হারিয়ে সিরিজ বাঁচাল নিউজিল্যান্ড

প্রথম সমাচার ডেস্ক ০২ মে ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন

বৃষ্টিবিঘ্নিত শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফেরাল নিউজিল্যান্ড। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৫ ওভারে নেমে আসা ম্যাচে আগে ব্যাট করে ১৪.২ ওভারে ১০২ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে ২০ বল হাতে রেখেই ৪ উইকেটে ১০৪ রান তুলে জয় পায় কিউইরা।

১০৩ রানের লক্ষ্য তাড়ায় শুরুটা মোটেও স্বস্তির ছিল না নিউজিল্যান্ডের। শরীফুল ইসলামের দুর্দান্ত নতুন বলের স্পেলে ৩৩ রানের মধ্যে ৪ উইকেট হারায় সফরকারীরা। কাটেনে ক্লার্ক, ড্যান ক্লিভার ও টিম রবিনসনকে ফিরিয়ে ম্যাচে বাংলাদেশকে ফেরান শরীফুল। পরে নিক কেলিকে বোল্ড করে চাপ আরও বাড়ান মেহেদী হাসান।

তবে সেখান থেকেই ম্যাচ ঘুরিয়ে দেন বেভন জ্যাকবস। ডিন ফক্সক্রফটকে সঙ্গে নিয়ে পঞ্চম উইকেটে অবিচ্ছিন্ন জুটি গড়ে বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দেন তিনি। ৩১ বলে ৫ চার ও ৩ ছক্কায় অপরাজিত ৬২ রান করেন জ্যাকবস। ফিফটি পূর্ণ করেন ২৯ বলে। শেষ পর্যন্ত রিশাদ হোসেনকে টানা দুটি ছক্কা ও একটি চার মেরে ম্যাচ শেষ করেন এই ব্যাটার।

ফক্সক্রফট অপরাজিত থাকেন ১৫ বলে ১৫ রানে। বাংলাদেশের হয়ে শরীফুল ৩ ওভারে ১৯ রান দিয়ে নেন ৩ উইকেট। মেহেদী ৩ ওভারে ২০ রান দিয়ে নেন ১ উইকেট। তবে রিপন মণ্ডল ও রিশাদ হোসেন খরুচে বোলিং করায় চাপ ধরে রাখতে পারেনি বাংলাদেশ।

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। বৃষ্টির কারণে ম্যাচ কমে দাঁড়ায় ১৫ ওভারে। শুরুতে দ্রুত রান তোলার চেষ্টা করলেও নিয়মিত উইকেট হারায় স্বাগতিকরা। সাইফ হাসান ১১ বলে ১৬ রান করে আউট হন। তানজিদ হাসান করেন ১০ বলে ৬। পরের বলেই পারভেজ হোসেন ইমন ফিরলে বড় চাপে পড়ে বাংলাদেশ।

অধিনায়ক লিটন দাস শুরুটা ভালো করেছিলেন। ১৭ বলে ৩ চার ও ১ ছক্কায় ২৬ রান করেন তিনি। তবে তিনিও বেশিক্ষণ টিকতে পারেননি। বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ রান তাওহীদ হৃদয়ের। ২৪ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩৩ রান করেন তিনি।

শেষ দিকে ব্যাটিং ধস নামে বাংলাদেশের ইনিংসে। শামীম হোসেন ৮ বলে ৩, মোহাম্মদ সাইফউদ্দিন ১ বলে ০, রিশাদ ৪ বলে ৫, শরীফুল ৩ বলে ২ ও রিপন ১ বলে ০ রানে ফেরেন। মেহেদী ৬ বলে ৭ রানে অপরাজিত থাকেন।

নিউজিল্যান্ডের হয়ে সবচেয়ে সফল বোলার জশ ক্লার্কসন। ২ ওভারে মাত্র ৯ রান দিয়ে নেন ৩ উইকেট। ন্যাথান স্মিথ ও বেন সিয়ার্স নেন ২টি করে উইকেট। ইশ সোধি ও জয়ডেন লেনক্স পান ১টি করে উইকেট।

এই জয়ে তিন ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ করল নিউজিল্যান্ড। প্রথম ম্যাচে ৬ উইকেটে জিতেছিল বাংলাদেশ, দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...