সোমবার, ২৫ মে ২০২৬
Logo
×

মধ্যপ্রাচ্যে ইরানি হামলা: ১৫ মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি ওয়াশিংটন পোস্টের

প্রথম সমাচার ডেস্ক ০৭ মে ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

মধ্যপ্রাচ্যজুড়ে ইরানের বিমান হামলায় যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট। পত্রিকাটির এক বিশ্লেষণে বলা হয়েছে, প্রকাশ্যে যুক্তরাষ্ট্র যে তথ্য দিয়েছে বাস্তবে ক্ষতির পরিমাণ তার চেয়ে অনেক বেশি।

প্রতিবেদনে স্যাটেলাইট চিত্র বিশ্লেষণের ভিত্তিতে বলা হয়, মধ্যপ্রাচ্যের অন্তত ১৫টি মার্কিন সামরিক ঘাঁটিতে ২২৮টি স্থাপনা ও সামরিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে রয়েছে ২১৭টি ভবন এবং ১১টি গুরুত্বপূর্ণ সামরিক সম্পদ।

হোয়াইট হাউস এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। তবে ওয়াশিংটন পোস্টের দাবি, মার্কিন প্রশাসনের প্রকাশ্য স্বীকারোক্তির তুলনায় ক্ষয়ক্ষতির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেশি।

প্রতিবেদন অনুযায়ী, সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর এবং কুয়েত এর তিনটি সামরিক ঘাঁটিতে। এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ওইসব এলাকায় হামলার তীব্রতা ছিল অনেক বেশি।

এছাড়া হামলায় বাহরাইন ও কুয়েতে মোতায়েন থাকা প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে বাহরাইনের নৌ সহায়তা ঘাঁটির স্যাটেলাইট ডিশ এবং জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতে থাকা টিএইচএএডি রাডার সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে থাকা একটি ই-৩ সেন্ট্রি কমান্ড অ্যান্ড কন্ট্রোল বিমান ধ্বংস হয়েছে। পাশাপাশি একটি জ্বালানি পরিবহনকারী বিমানও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ওয়াশিংটন পোস্টের দাবি, বাহরাইনের নৌ সহায়তা ঘাঁটিতে ক্ষয়ক্ষতি এতটাই গুরুতর যে মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর সাময়িকভাবে MacDill Air Force Base-এ সরিয়ে নেওয়া হয়েছে। কয়েকজন মার্কিন কর্মকর্তা আশঙ্কা প্রকাশ করেছেন, ভবিষ্যতে বড় পরিসরে এসব বাহিনী হয়তো আর আগের মতো আঞ্চলিক ঘাঁটিগুলোতে ফিরে নাও আসতে পারে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...