সোমবার, ২৫ মে ২০২৬
Logo
×

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা

প্রথম সমাচার ডেস্ক ০৮ মে ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন

হরমুজ প্রণালিতে একটি তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলার জেরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইরান দাবি করেছে, মার্কিন হামলার জবাবে তাদের বাহিনী যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।

তেহরানের দাবি অনুযায়ী, জাস্ক বন্দরের কাছে একটি ইরানি তেলবাহী ট্যাংকারে প্রথমে হামলা চালায় মার্কিন বাহিনী। এর প্রতিক্রিয়ায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) হরমুজ প্রণালিতে অবস্থানরত তিনটি মার্কিন ডেস্ট্রয়ার লক্ষ্য করে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং বিস্ফোরকবাহী ড্রোন নিক্ষেপ করে।

তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তারা সফলভাবে ইরানের হামলা প্রতিহত করেছে এবং কোনো মার্কিন যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত হয়নি। একই সঙ্গে আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবে ইরানের কেশম দ্বীপ, বন্দর আব্বাস, মিনাব ও সিরিক শহরের সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালানোর কথাও জানায় যুক্তরাষ্ট্র।

এদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম দেশটির বিভিন্ন এলাকায় বিস্ফোরণের খবর নিশ্চিত করেছে। তাসনিম নিউজ এজেন্সির দাবি, ইরানি হামলার মুখে কয়েকটি মার্কিন যুদ্ধজাহাজ ওমান উপসাগরের দিকে সরে যেতে বাধ্য হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র উত্তেজনা বাড়াতে চায় না, তবে নিজেদের বাহিনী রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে। অন্যদিকে ইরান এই ঘটনাকে সরাসরি মার্কিন আগ্রাসন হিসেবে বর্ণনা করেছে। ফলে দুই দেশের মধ্যকার ভঙ্গুর যুদ্ধবিরতি এখন নতুন অনিশ্চয়তার মুখে পড়েছে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...