সোমবার, ২৫ মে ২০২৬
Logo
×

পরমাণু অস্ত্র বহনে সক্ষম আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল ভারত

প্রথম সমাচার ডেস্ক ০৯ মে ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন

পরমাণু অস্ত্র বহনে সক্ষম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) প্রযুক্তির সফল পরীক্ষা চালিয়েছে ভারত। শুক্রবার ওডিশা উপকূলে দেশটির প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও) ও ভারতীয় বিমানবাহিনী যৌথভাবে এ পরীক্ষা পরিচালনা করে।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘ট্যাকটিক্যাল অ্যাডভান্সড রেঞ্জ অগমেন্টেশন’ (টিএআরএ) নামের এই ব্যবস্থার প্রথম ফ্লাইট ট্রায়াল সফল হয়েছে। এটি সাধারণ বোমাকে নির্ভুল লক্ষ্যভেদী অস্ত্রে রূপান্তর করতে সক্ষম একটি আধুনিক প্রযুক্তি।

প্রতিরক্ষা সূত্রের দাবি, পরীক্ষিত ক্ষেপণাস্ত্রটি আইসিবিএম শ্রেণির এবং এটি ‘অগ্নি-৬’ কর্মসূচির অংশ হতে পারে। যদিও ডিআরডিও এখনো আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেনি। ধারণা করা হচ্ছে, ক্ষেপণাস্ত্রটির পাল্লা ১০ হাজার কিলোমিটারের বেশি।

এ প্রযুক্তিতে পূর্ণ সক্ষমতা অর্জন করলে ভারত বিশ্বের যেকোনো স্থানে আঘাত হানার সামর্থ্য অর্জন করবে। বর্তমানে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন ও উত্তর কোরিয়ার মতো কয়েকটি দেশের কাছেই দীর্ঘপাল্লার আইসিবিএম প্রযুক্তি রয়েছে।

সম্প্রতি ডিআরডিও চেয়ারম্যান সমীর ভি কামাত জানান, সরকার অনুমতি দিলেই অগ্নি-৬ প্রকল্পে পূর্ণমাত্রায় এগোতে প্রস্তুত তারা। এদিকে ক্ষমতাসীন বিজেপিও সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষেপণাস্ত্রটির সক্ষমতা নিয়ে ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছে।

বিশ্লেষকদের মতে, এই সফল পরীক্ষা ভারতের সামরিক সক্ষমতায় বড় অগ্রগতি এবং দেশটিকে বৈশ্বিক প্রতিরক্ষা শক্তির কাতারে আরও এগিয়ে নেবে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...