রোববার, ২৪ মে ২০২৬
Logo
×
শিশু যৌন নিপীড়ন

শ্রীলঙ্কার শীর্ষ বৌদ্ধ ভিক্ষু গ্রেপ্তার

প্রথম সমাচার ডেস্ক ০৯ মে ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
১১ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে শ্রীলঙ্কার এক প্রভাবশালী বৌদ্ধ ভিক্ষুকে গ্রেপ্তার করা হয়েছে। ৭১ বছর বয়সী ওই ভিক্ষুর নাম পাল্লেগামা হেমারথানা। তিনি বৌদ্ধ ধর্মাবলম্বীদের তীর্থযাত্রার প্রধান ৮টি পবিত্র মন্দিরের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বার্তা সংস্থা আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার রাজধানী কলম্বোর একটি বেসরকারি হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানিয়েছে, ২০২২ সালে এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত শুরু হলে তিনি কলম্বোর ওই হাসপাতালে চিকিৎসা নিতে গিয়েছিলেন। যৌন নিপীড়নের সঙ্গে দেশটির ধর্মীয় যাজকদের জড়িত থাকার ঘটনাগুলোর মধ্যে এটিই এখন পর্যন্ত সবচেয়ে হাই-প্রোফাইল বা আলোচিত মামলা।

অভিযোগ অনুযায়ী, কলম্বো থেকে প্রায় ২০০ কিলোমিটার উত্তরে অনুরাধাপুরার একটি মন্দিরে এ অপরাধের ঘটনা ঘটে। হেমারথানা ওই মন্দিরের প্রধান পুরোহিত।

শনিবার পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, শিগগিরই ওই ভিক্ষুকে আদালতে হাজির করা হবে। তবে পরবর্তী পদক্ষেপের বিষয়ে ম্যাজিস্ট্রেটের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

কর্তৃপক্ষ আরো জানিয়েছে, ওই ভিক্ষুকে অপরাধে সহায়তা ও প্ররোচনা দেওয়ার অভিযোগে ভুক্তভোগী শিশুটির মাকেও গ্রেপ্তার করা হয়েছে। এর আগে শুক্রবার অনুরাধাপুরার একটি স্থানীয় আদালত হেমারথানার ওপর বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছিলেন।

শ্রীলঙ্কায় বৌদ্ধ ভিক্ষুদের বিরুদ্ধে শিশু নির্যাতনের বেশ কিছু অভিযোগ আগে উঠলেও এবারের ঘটনাটি সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। কারণ গ্রেপ্তার হেমারথানা দেশটির অত্যন্ত উচ্চপদস্থ একজন ধর্মীয় নেতা। তিনি এমন একটি পবিত্র বৃক্ষের প্রধান রক্ষক, যেটিকে ভারতের মূল ‘বোধিবৃক্ষ’ বা অশ্বত্থ গাছের চারা বলে বিশ্বাস করা হয়। যার নিচে বসে আড়াই হাজার বছর আগে গৌতম বুদ্ধ বোধিজ্ঞান বা দিব্যজ্ঞান লাভ করেছিলেন।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...