এল ক্লাসিকোর মঞ্চে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারিয়ে লা লিগার শিরোপা নিশ্চিত করেছে বার্সেলোনা। ক্যাম্প ন্যুতে দাপুটে জয়ের মধ্য দিয়ে হাতে তিন ম্যাচ রেখেই ২৯তম লিগ শিরোপা ঘরে তুলেছে কাতালান ক্লাবটি।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বার্সেলোনা। মাত্র ৯ মিনিটেই দর্শকদের উল্লাসে ভাসান মার্কাস রাশফোর্ড। দুর্দান্ত এক ফ্রি-কিকে রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়াকে পরাস্ত করে দলকে এগিয়ে দেন ইংলিশ ফরোয়ার্ড। গোলের রেশ কাটতে না কাটতেই ১৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফেরান তোরেস। দানি ওলমোর চমৎকার ব্যাকহিল পাস থেকে সহজ ফিনিশে গোল করেন তিনি।
দুই গোল হজমের পর ম্যাচে ফেরার চেষ্টা করলেও খুব একটা সুবিধা করতে পারেনি রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপ্পের অনুপস্থিতিতে আক্রমণভাগে ধারহীন ছিল দলটি। ভিনিসিয়ুস জুনিয়র ও জুড বেলিংহাম কয়েকটি আক্রমণ তৈরির চেষ্টা করলেও বার্সার রক্ষণভাগের সামনে বারবার ব্যর্থ হয়েছেন। পুরো ম্যাচে মাত্র একটি শট লক্ষ্যে রাখতে সক্ষম হয় মাদ্রিদের ক্লাবটি।
অন্যদিকে বার্সা আরও কয়েকটি নিশ্চিত গোলের সুযোগ তৈরি করেছিল। তবে কোর্তোয়ার একাধিক দুর্দান্ত সেভ রিয়ালকে বড় ব্যবধানে হার থেকে বাঁচায়। ম্যাচজুড়ে বল দখল, আক্রমণ ও সুযোগ তৈরিতে স্পষ্ট আধিপত্য ছিল হান্সি ফ্লিকের দলের।
এই জয়ে ৩৫ ম্যাচ শেষে বার্সেলোনার পয়েন্ট দাঁড়িয়েছে ৯১। সমান ম্যাচে রিয়াল মাদ্রিদের সংগ্রহ ৭৭। ফলে বাকি তিন ম্যাচ জিতলেও আর বার্সাকে টপকানোর সুযোগ নেই রিয়ালের।
ম্যাচ শেষে ক্যাম্প ন্যুতে শুরু হয় শিরোপা উদ্যাপন। খেলোয়াড়দের সঙ্গে উৎসবে যোগ দেন কোচ হান্সি ফ্লিকও। তাঁর অধীনে দুই মৌসুমে এটি বার্সেলোনার পঞ্চম শিরোপা। লিগের পাশাপাশি এবারও দারুণ ছন্দে রয়েছে কাতালান ক্লাবটি।
অন্যদিকে টানা দ্বিতীয় মৌসুম ট্রফিহীন থাকার হতাশা বাড়ল রিয়াল মাদ্রিদের। দলটির কোচিং স্টাফ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে স্প্যানিশ ফুটবল অঙ্গনে।
