ওমানের মোলাদ্দা এলাকায় এক মর্মান্তিক গ্যাস বিস্ফোরণে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার একই পরিবারের চার সহোদর প্রাণ হারিয়েছেন। স্থানীয় সময় বুধবার সকালে কর্মস্থলে যাওয়ার পথে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।
নিহত চার ভাই রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের বন্দারাজারপাড়া এলাকার বাসিন্দা। ওমানস্থ বাংলাদেশ দূতাবাস এই মর্মান্তিক মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে।
প্রাথমিক তথ্যে জানা গেছে, মাস্কাট থেকে প্রায় একশ কিলোমিটার দূরে মোলাদ্দা এলাকায় সকালে চার ভাই গাড়ি নিয়ে কর্মস্থলের দিকে যাচ্ছিলেন। এসময় গাড়ির গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতই বেশি ছিল যে, গাড়িতে থাকা চারজনই ঘটনাস্থলে প্রাণ হারান।
একই পরিবারের চার সন্তানকে একসঙ্গে হারিয়ে নিহতের স্বজন ও এলাকায় এখন শোকের মাতম চলছে। এই ঘটনায় ওমানে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মধ্যেও গভীর শোক ও বিমর্ষতা নেমে এসেছে।
নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য ওমানস্থ বাংলাদেশ দূতাবাস স্থানীয় প্রশাসনের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় ও আইনি প্রক্রিয়া শুরু করেছে বলে জানা গেছে।
নিহতরা হলেন- মো. রাশেদ, মো. শাহেদ, মো. সিরাজ ও মো. শহিদ। তারা উপজেলার লালানগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বন্দারাজারপাড়া এলাকার বাসিন্দা এবং আবদুল মজিদের ছেলে।
