রোববার, ২৪ মে ২০২৬
Logo
×

কারিনা কায়সারের মৃত্যু ঘিরে সামাজিক মাধ্যমে অপপ্রচারের অভিযোগ, নিন্দার ঝড়

প্রথম সমাচার ডেস্ক ১৬ মে ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে কারিনা কায়সারের মৃত্যু ঘিরে কটূক্তি, বিদ্বেষমূলক মন্তব্য ও অপপ্রচারের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে এটিকে মানবিকতা ও সামাজিক মূল্যবোধের চরম অবক্ষয় হিসেবে উল্লেখ করেছেন।

কারিনা কায়সারকে নিয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন মন্তব্যের সমালোচনা করে নেটিজেনদের একাংশ বলেন, একজন নারীর অসুস্থতা ও মৃত্যুকে কেন্দ্র করে এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা দাবি করেন, কারিনা জীবদ্দশায় সামাজিক ও সাংস্কৃতিক চেতনায় বিশ্বাসী ছিলেন এবং রাজনৈতিক আন্দোলনেও সক্রিয় ভূমিকা রেখেছিলেন।

বিভিন্ন পোস্টে উল্লেখ করা হয়, কারিনা দেশের প্রখ্যাত ফুটবলার কায়সার হামিদের মেয়ে এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দাবাড়ু রানী হামিদের নাতনি। পারিবারিকভাবে সংস্কৃতিমনা পরিবেশে বেড়ে ওঠা কারিনা জুলাই আন্দোলনের সময় রাজপথে সক্রিয় ছিলেন বলেও দাবি করা হয়।

সামাজিক মাধ্যমে অনেকেই অভিযোগ করেন, কারিনার অসুস্থতার খবর প্রকাশের পর থেকেই একটি পক্ষ তাকে নিয়ে ধারাবাহিকভাবে কটূক্তি ও চরিত্রহননের চেষ্টা চালিয়ে আসছিল। মৃত্যুর পরও তা থামেনি বলে অভিযোগ উঠেছে।

এদিকে মানবাধিকারকর্মী ও সচেতন মহলের অনেকে বলেন, রাজনৈতিক মতভেদ থাকতেই পারে, তবে মৃত্যু বা ব্যক্তিগত দুর্দশা নিয়ে বিদ্বেষ ছড়ানো কোনো সভ্য সমাজের পরিচয় হতে পারে না। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান।

কারিনা কায়সারের মৃত্যুতে বিভিন্ন মহল শোক প্রকাশ করেছে। তার বিদেহী আত্মার শান্তি কামনা করে পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানিয়েছেন অনেকে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...