আমলাতান্ত্রিক জটিলতা ও পুঁজিবাদী কাঠামোর কারণে দেশ গঠনে কৃষকদের কণ্ঠস্বর উপেক্ষিত হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
রোববার তিনি বলেন, হাওড় অঞ্চলের নীতি নির্ধারণে আমলারা জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করেন না। ফলে মাঠপর্যায়ের বাস্তবতা প্রতিফলিত হয় না এবং কৃষক-চাষীদের স্বার্থ উপেক্ষিত থাকে।
ডেপুটি স্পিকার অভিযোগ করেন, প্রধানমন্ত্রীর ‘ড্রিম প্রজেক্ট’ হিসেবে পরিচিত ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমেও অনিয়ম হয়েছে। তিনি বলেন, প্রকৃত দরিদ্রদের বঞ্চিত করে অনেক ক্ষেত্রে ভুয়া তালিকা তৈরি করা হয়েছে। আমলারা সরেজমিনে না গিয়ে স্কুলঘরে বসেই সুবিধাভোগীদের তালিকা প্রণয়ন করেছেন।
হাওড় অঞ্চলের সমস্যা নিরূপণে একটি বিশেষ টাস্কফোর্স গঠনের দাবি জানিয়ে কায়সার কামাল বলেন, মৎস্য চাষ ও উন্নয়নের নামে ইজারা বা লিজ প্রদানের মাধ্যমে হাওড় ধ্বংসের নৈরাজ্য চলছে।
তিনি আরও অভিযোগ করেন, হাওড়ের ক্ষয়ক্ষতির সরকারি তালিকায় প্রকৃত ক্ষতির তুলনায় তিনগুণ বেশি দেখানো হয়েছে এবং সেখানে ভুয়া নাম অন্তর্ভুক্তির ঘটনাও ঘটছে।
