যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফরকে মার্কিন বৈশ্বিক প্রভাব কমে যাওয়ার প্রতীক হিসেবে উল্লেখ করেছে মার্কিন সাময়িকী দ্য আটলান্টিক। সাময়িকীটিতে প্রকাশিত এক বিশ্লেষণে এ মন্তব্য করেন লেখক ফ্র্যাঙ্কলিন ফোয়ার।
বিশ্লেষণে বলা হয়, চীন ট্রাম্পকে জাঁকজমকপূর্ণ আয়োজন ও কূটনৈতিক আনুষ্ঠানিকতার মাধ্যমে স্বাগত জানালেও যুক্তরাষ্ট্রকে কোনো বড় রাজনৈতিক বা অর্থনৈতিক ছাড় দেয়নি। বরং সফরটি বিশ্ব রাজনীতিতে ওয়াশিংটনের আগের মতো প্রভাবশালী অবস্থান আর নেই—সেই বার্তাই তুলে ধরেছে বলে মত দেন লেখক।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ইরান যুদ্ধ বন্ধে কোনো সুস্পষ্ট পরিকল্পনা উপস্থাপন করেননি। একই সঙ্গে বড় ধরনের বাণিজ্য চুক্তি বা যুক্তরাষ্ট্রের জন্য বিরল খনিজ সরবরাহ নিশ্চিত করার মতো কোনো গুরুত্বপূর্ণ অঙ্গীকারও দেননি তিনি।
বিশ্লেষণের একটি বহুল আলোচিত অংশে বলা হয়েছে, “যুক্তরাষ্ট্র যখন সহযোগিতার আহ্বান জানায়, তখন আর কেউ তা গ্রহণে ছুটে আসে না; আবার যখন হুমকি দেয়, তখনও আগের মতো ভয় পায় না।”
নিবন্ধটিতে বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতায় যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক, বৈশ্বিক শক্তির ভারসাম্য এবং আন্তর্জাতিক কূটনীতিতে ওয়াশিংটনের অবস্থান নিয়ে সমালোচনামূলক মূল্যায়ন তুলে ধরা হয়েছে।
