নাটোরের লালপুর উপজেলায় অভিযান চালিয়ে পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ ঈশ্বরদী উপজেলা যুবদলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার আরও তিন সহযোগীকেও আটক করা হয়।
মঙ্গলবার সকালে লালপুর উপজেলার পালিদোহা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া মাহমুদ হাসান সোনামনি পাবনার ঈশ্বরদী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক। অভিযানের সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এ ঘটনায় কাজল ও সুইটসহ তার আরও তিন সহযোগীকেও আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
লালপুর থানার ওসি জানান, উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
