রাজধানীর বনশ্রী এলাকায় একটি মাদরাসা থেকে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ জানায়, বনশ্রীর সি ব্লকের ৩ নম্বর সড়কে অবস্থিত আলোকিত কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসার তৃতীয় তলার একটি বাথরুম থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
রামপুরা থানার উপ-পরিদর্শক মো. সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। মরদেহটি গামছা পেঁচানো অবস্থায় ঝুলন্ত ছিল। শরীরের কোথাও দৃশ্যমান আঘাতের চিহ্ন না থাকলেও পায়ুপথে অস্বাভাবিক চিহ্ন পাওয়া গেছে বলে তিনি উল্লেখ করেন।
মাদরাসা কর্তৃপক্ষ ঘটনাটিকে আত্মহত্যা বলে দাবি করেছে। তবে শিশুটির মৃত্যুর পরিস্থিতি নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে এবং বিষয়টি নিয়ে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনায় এখনো কোনো অভিযোগ বা গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি। তদন্ত চলছে।
