রোববার, ২৪ মে ২০২৬
Logo
×

রামিসার কবর জিয়ারতে এসে কান্নায় ভেঙে পড়েন এমপি আবদুল্লাহ

প্রথম সমাচার ডেস্ক ২২ মে ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

মুন্সীগঞ্জের সিরাজদীখানে আলোচিত শিশু রামিসার কবর জিয়ারত করতে গিয়ে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

শুক্রবার (২২ মে) জুমার নামাজ শেষে জেলার সিরাজদীখান উপজেলার মধ্যম শিয়ালদী গ্রামে রামিসার বাবা হান্নান মোল্লার বাড়িতে যান মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আবদুল্লাহ। পরে তিনি রামিসার কবর জিয়ারত করেন।

এ সময় কবরের পাশে দাঁড়িয়ে রামিসার বাবাকে সান্ত্বনা দিতে গিয়ে সংসদ সদস্য নিজেও আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন। এতে উপস্থিত এলাকাবাসীর অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন এবং কান্নায় ভেঙে পড়েন।

স্থানীয়রা জানান, এ ঘটনায় পুরো এলাকায় এখনো শোকের ছায়া বিরাজ করছে। রামিসার কবর জিয়ারতের সময় সেখানে হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত অনেকে নিহত শিশুটির আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।

সংসদ সদস্য রামিসার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আশ্বাস দেন। তিনি বলেন, এ ধরনের নৃশংস ঘটনার বিচার দ্রুত নিশ্চিত করা হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস না পায়।

এ সময় উপস্থিত ছিলেন সিরাজদীখান থানার ওসি মো. আবদুল হান্নান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল কুদ্দুস ধীরন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলীসহ স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী।

উল্লেখ্য, সম্প্রতি রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় সারাদেশে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্থানে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রয়েছে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...