রোববার, ২৪ মে ২০২৬
Logo
×

বিশ্বকাপ ফুটবল ফাইনালের দিন বাংলাদেশ খেলবে টি–টোয়েন্টি

প্রথম সমাচার ডেস্ক ২২ মে ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন

অস্ট্রেলিয়ার সঙ্গে তিনটি ওয়ানডে ও টি-টোয়েন্টির সিরিজ খেলে জুনের শেষভাগে জিম্বাবুয়েতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাবে বাংলাদেশ। কাকাতালীয় ব্যাপার, তখন উত্তর আমেরিকায় চলবে বিশ্বকাপ ফুটবল। আগামী ১৯ জুলাই হবে বিশ্বকাপ ফাইনাল। সেদিনই বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে টি–টোয়েন্টি খেলতে নামবে বাংলাদেশ ক্রিকেট দল।

সফর শুরু হবে ২৮ জুন হারারেতে শুরু একমাত্র টেস্ট দিয়ে। এরপর সেখানেই ৬ থেকে ১১ জুলাইয়ের মধ্যে হবে ওয়ানডে সিরিজ। এরপর ১৫ থেকে ১৯ জুলাই বুলাওয়েতে টি-টোয়েন্টি সিরিজ।

বাংলাদেশ ও জিম্বাবুয়ে এখন পর্যন্ত ২০ টেস্টে মুখোমুখি হয়েছে। সর্বশেষ গত বছর বাংলাদেশে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতা ছিল। বাংলাদেশ দল সর্বশেষ জিম্বাবুয়ে সফর করে ২০২২ সালের জুলাই–আগস্টে। সেবার কোনো টেস্ট ম্যাচ ছিল না। হারারেতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি ও ওয়ানডে—দুই সিরিজই ২-১ ব্যবধানে জিতেছিল জিম্বাবুয়ে।

এবার বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে চলতি বছর ঘরের মাঠে প্রথম খেলতে নামবে জিম্বাবুয়ে। গত ফেব্রুয়ারি–মার্চে ভারত এবং শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টি-টুয়েন্টি বিশ্বকাপের পর এটি হবে দলটির প্রথম আন্তর্জাতিক ম্যাচ। সর্বশেষ টি–টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কাকে হারিয়ে প্রথমবারের মতো সুপার এইটে উঠেছিল জিম্বাবুয়ে।

জিম্বাবুয়ে ক্রিকেটের (জেডসি) ব্যবস্থাপনা পরিচালক গিভমোর মাকোনি বিবৃতিতে বলেন, ‘সব সংস্করণে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও রোমাঞ্চকর সিরিজের প্রত্যাশায় বাংলাদেশের জিম্বাবুয়ে সফর নিশ্চিত করতে পেরে আমরা আনন্দিত। এই সফরটি আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। চলতি বছরের শুরুর দিকে আইসিসি ছেলেদের টি-টুয়েন্টি বিশ্বকাপে অসামান্য পারফরম্যান্সের পর এ সিরিজের মাধ্যমে ঘরের মাঠে আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে।’

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...