আন্তর্জাতিক অস্থিরতার প্রভাব পড়েছে আকাশপথেও। মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল সংঘাতের জেরে বিমান চলাচল বিঘ্নিত হওয়ায় জেদ্দা বিমানবন্দরে আটকে পড়েছেন বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থার কথা জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
ওয়ানডে ও টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার পর এখন কেবল টেস্ট খেলেন মুশফিক। ঘরোয়া ক্রিকেটেও নিয়মিত নন। এই বিরতিতে পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরবে গিয়েছিলেন সাবেক এই অধিনায়ক। ইবাদত সম্পন্ন করে দুবাই হয়ে ঢাকায় ফেরার কথা ছিল তার।
কিন্তু সাম্প্রতিক সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের আকাশসীমা আংশিকভাবে বন্ধ হয়ে যায়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরান পাল্টা পদক্ষেপ নেওয়ায় অঞ্চলজুড়ে নিরাপত্তা ঝুঁকি বাড়ে। ফলে বেশ কিছু আন্তর্জাতিক ফ্লাইট বাতিল বা ঘুরিয়ে দেওয়া হয়।
মুশফিক জানান, জেদ্দা থেকে দুবাইগামী এমিরেটসের ফ্লাইটে ওঠার পর পরিস্থিতির কারণে বিমানটি পুনরায় জেদ্দায় ফিরে আসে। বর্তমানে তিনি হাজারো যাত্রীর সঙ্গে সেখানে অপেক্ষায় আছেন।
