সোমবার, ০১ জুন ২০২৬
Logo
×

বিএনপি মজলুম থেকে জালিম হয়ে উঠেছে: শিবির সভাপতি সাদ্দাম

প্রথম সমাচার ডেস্ক ৩০ মে ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

বিএনপিকে উদ্দেশ্য করে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, যারা এতোদিন মজলুম ছিল তারা এখন জুলুম শুরু করেছে। মজলুম যখন জালেম হয় তখন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে।

আজ শনিবার দুপুরে সাতক্ষীরা মোজাফর গার্ডেন এন্ড রির্সোটে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নূরুল ইসলাম সাদ্দাম বলেন, ‘ইসলামি ছাত্রশিবির হচ্ছে বিশ্বের সকল ছাত্র সংগঠনের মধ্যে সবচেয়ে বড় সংগঠন। একটি মেধাবী, আদর্শিক ও নৈতিকতা সম্পন্ন ছাত্র সংগঠন। মেধার চর্চা এবং মেধাবী শিক্ষার্থী তৈরি যার উদ্দেশ্য। তাদেরকে গুপ্ত বলে সাধার শিক্ষার্থীদের কাছ থেকে দূরে রাখা যাবে না।’

নূরুল ইসলাম সাদ্দাম আরও বলেন, ‘বাংলাদেশের প্রতিটা ক্যাম্পাসে সকল শিক্ষার্থীর জন্য সিট নিশ্চিতে শিবির যখন আন্দোলন করছে তখন বৃহত্তর ছাত্র সংগঠন দাবি করা সংগঠনের নেতারা ছিনতাই, খুন, ধর্ষণ, টেন্ডারবাজি, চাঁদাবাজি নিয়ে ব্যস্ত। ক্যাম্পাসগুলোতে শিবিরের কর্মসূচিতে যখন সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি পাচ্ছে তখন অন্য ছাত্র সংগঠনের নেতারা বহিরাগতদের ভাড়া করে এনে তাদের কর্মসূচি সফল করতে পারছে না তখন ছাত্রশিবিরকে তারা গুপ্ত বলছে।’

শিবির সভাপতি বলেন, তাদের বস্তাপঁচা রাজনীতি দেখে ছাত্র-ছাত্রীরা তাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। ইসলামের আদর্শ ও শিক্ষা অনুসরণের মাধ্যমে একটি কল্যাণমূলক সমাজ ও রাষ্ট্র বিনির্মাণ করা ছাত্রশিবিরের মূল লক্ষ্য।

সরকারের অব্যবস্থাপনা ও দুর্বল ব্যবস্থাপনার কারণে জনগণের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে বলে অভিযোগ করে তিনি বলেন, ‘ঈদযাত্রায় মানুষের চরম ভোগান্তি হয়েছে এবং সড়ক দুর্ঘটনায় বহু মানুষের প্রাণহানি ঘটেছে।’

‘ঈমানী আলোয় দীপ্ত হৃদয়, সম্প্রীতির এই গান শিকড়ের টানে এক হবো সবে, জাগবে দ্বীনি প্রাণ।’ এই শ্লোগানে ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার সভাপতি মেহেদি হাসানের সভাপতিত্বে ও সেক্রেটারি নুরুন নবির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ তালা কলারোয়া আসনের সংসদ সদস্যমুহা. ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা-৪ আসনের সংসদ গাজী নজরুল ইসলাম, সাতক্ষীরা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, নায়েবে আমীর শেখ নূরুল হুদা, জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি মো. ওবায়দুল্লাহ, সহকারী সেক্রেটারি ও সাবেক শিবির সভাপতি মো. ওমর ফারুকসহ সাবেক ও বর্তমান দায়িত্বশীলরা।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...