বুধবার, ০৩ জুন ২০২৬
Logo
×
ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন

সব সদস্য রাষ্ট্রকে সম্পৃক্ত করে কাজ করার প্রতিশ্রুতি খলিলুর রহমানের

প্রথম সমাচার ডেস্ক ০৩ জুন ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের নবনির্বাচিত সভাপতি ড. খলিলুর রহমান বলেছেন, দায়িত্ব গ্রহণের পর তিনি সব সদস্য রাষ্ট্রকে সম্পৃক্ত করে কাজ করবেন এবং ব্যক্তিগত মতামতকে কখনোই তার দায়িত্ব পালনে প্রভাব ফেলতে দেবেন না।

মঙ্গলবার (২ জুন) জাতিসংঘ সদরদপ্তরে নির্বাচনে বিজয়ী হওয়ার পর দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। ড. খলিলুর রহমান বলেন, “আমি সব সদস্য রাষ্ট্রের সভাপতি হব। দায়িত্ব পালনের সময় সব দেশকে সঙ্গে নিয়ে কাজ করব। ব্যক্তিগত মতামতকে সাধারণ পরিষদের সভাপতি হিসেবে আমার দায়িত্বে হস্তক্ষেপ করতে দেব না।”

নবনির্বাচিত সভাপতি বলেন, এমন এক সময়ে তিনি দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন, যখন যুদ্ধ, সংঘাত, অর্থনৈতিক সংকট এবং বহুপাক্ষিক সহযোগিতার ওপর চাপের কারণে জাতিসংঘের প্রতি আস্থা নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে আস্থা পুনর্গঠন এবং কার্যকর বহুপাক্ষিকতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি জানান, তার নেতৃত্বে আগামী অধিবেশনে ছয়টি প্রধান অগ্রাধিকারকে সামনে রেখে কাজ করা হবে। এগুলোর মধ্যে রয়েছে—শান্তি, নিরাপত্তা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা; টেকসই উন্নয়ন ও এসডিজি অর্জন ত্বরান্বিত করা; জলবায়ু সহনশীলতা ও পরিবেশগত স্থায়িত্ব; মানবাধিকার, মানবিক সহায়তা, শরণার্থী ও অভিবাসী বিষয়ক উদ্যোগ; ডিজিটাল গভর্ন্যান্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, বিজ্ঞান ও প্রযুক্তি; এবং জাতিসংঘ সংস্কার ও অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক শাসনব্যবস্থা শক্তিশালী করা।

তিনি আরও বলেন, জাতিসংঘে ছোট প্রতিনিধিদল থাকা দেশগুলোর কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করাও তার অন্যতম অগ্রাধিকার হবে। এর আগে নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে ১৯০টি ভোটের মধ্যে ৯৯ ভোট পেয়ে ৮১তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হন ড. খলিলুর রহমান। তার প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের আন্দ্রেয়াস কাকোরিস পান ৯১ ভোট।

চার দশক পর বাংলাদেশ আবারও এই মর্যাদাপূর্ণ পদে নির্বাচিত হলো। এর আগে ১৯৮৬-৮৭ সালে বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন।

আগামী ৮ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হবে। ওই অধিবেশনের সভাপতি হিসেবে এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন ড. খলিলুর রহমান।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...