সোমবার, ০১ জুন ২০২৬
Logo
×

কুদুসকে ছাড়াই বিশ্বকাপে যাচ্ছে ঘানা

প্রথম সমাচার ডেস্ক ২৬ মে ২০২৬, ১২:০৬ অপরাহ্ন

বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেল ঘানা। চোটের কারণে আগামী মাসের বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন টটেনহাম হটস্পার ফরোয়ার্ড মোহাম্মদ কুদুস। মঙ্গলবার কোচ কার্লোস কুইরোজ ঘোষিত ঘানার প্রাথমিক ২৮ সদস্যের দলে জায়গা হয়নি ২৫ বছর বয়সি এই তারকার।

রয়টার্স জানিয়েছে, জানুয়ারিতে কোয়াড ইনজুরিতে পড়েছিলেন কুদুস। শুরুতে মার্চে তার মাঠে ফেরার আশা করা হলেও পুনর্বাসন প্রক্রিয়ায় ধাক্কা খাওয়ায় আর খেলা হয়নি। এরপর থেকে কোনো ম্যাচেও মাঠে নামেননি ঘানার এই ফরোয়ার্ড।

ঘানার জার্সিতে ৪৬ ম্যাচে ১৩ গোল করেছেন কুদুস। ওয়েস্ট হাম থেকে মৌসুমের শুরুতে টটেনহামে যোগ দেওয়ার পর প্রিমিয়ার লিগে ১৯ ম্যাচে করেছেন ২ গোল। বিশ্বকাপের মতো বড় মঞ্চে তার অনুপস্থিতি ঘানার আক্রমণভাগের জন্য বড় ক্ষতি হয়েই আসছে।

কুদুস না থাকায় আক্রমণে ম্যানচেস্টার সিটির আন্তোয়ান সেমেনিও এবং অ্যাথলেটিক ক্লাবের ইনাকি উইলিয়ামসের ওপর বাড়তি ভরসা রাখতে হবে কুইরোজকে। এ ছাড়া ২০২৩ সালের পর প্রথমবারের মতো দলে ফিরেছেন পিএওকের সাবেক চেলসি ডিফেন্ডার আবদুল রহমান বাবা।

২০২৬ বিশ্বকাপে ঘানা খেলবে ‘এল’ গ্রুপে। তাদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া, ইংল্যান্ড ও পানামা। কঠিন গ্রুপে নামার আগে কুদুসের ছিটকে যাওয়া ঘানার প্রস্তুতিকে বড় প্রশ্নের মুখে ফেলে দিল।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...