আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে কাউন্সিলর প্রার্থীদের নামও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
গতকাল বুধবার (৬ মে) সন্ধ্যায় টঙ্গীর তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসা অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন তুরস্কের তোকাত ওসমান গাজী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মুহাম্মদ হাফিজুর রহমান। জাতীয় নির্বাচনের আগে তিনি দেশে ফিরে কাজ শুরু করে দেন। প্রার্থিতা ঘোষণার পর তিনি বলেন, গাজীপুরকে একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য আধুনিক নগরী হিসেবে গড়ে তোলাই তাদের লক্ষ্য।
অনুষ্ঠানে বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচন, সাংগঠনিক কার্যক্রম এবং স্থানীয় রাজনীতিতে দলের অবস্থান নিয়ে আলোচনা করেন। পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়নসহ বিভিন্ন জাতীয় ইস্যুতেও বক্তব্য তুলে ধরা হয়।
গাজীপুর মহানগর জামায়াতের আমীর ও কেন্দ্রীয় শুরা সদস্য মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিয়া গোলাম পরওয়ার।
বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা উত্তর অঞ্চলের পরিচালক মুহাম্মদ আব্দুর রব এবং গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আইয়ুবী।
এ ছাড়া গাজীপুর মহানগর জামায়াত ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
