ঢাকা বিশ্ববিদ্যালয়–এর সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন শিক্ষক শেহরীন আমিন মোনামী। সোমবার (১১ মে) তিনি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টেও পদত্যাগের বিষয়টি তুলে ধরেন তিনি।
ফেসবুক পোস্টে মোনামী জানান, শিক্ষকতা জীবনের সাত বছরে প্রশাসনিক দায়িত্ব নেওয়ার ইচ্ছা কখনও ছিল না। তবে ২০২৪ সালের ২৮ আগস্ট তৎকালীন প্রক্টর সাইফুদ্দীন আহমদ তাকে সহকারী প্রক্টর হিসেবে কাজ করার প্রস্তাব দিলে তিনি দায়িত্ব গ্রহণ করেন। নতুন বাংলাদেশ গঠনের স্বপ্ন ও বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করার আগ্রহ থেকেই তিনি এ দায়িত্ব নিয়েছিলেন বলে উল্লেখ করেন।
তিনি আরও লেখেন, প্রক্টরিয়াল টিমে কাজ করার সময় ধৈর্য, সংকট মোকাবিলা ও শিক্ষার্থীদের প্রতি সহমর্মিতার নানা দিক কাছ থেকে শেখার সুযোগ হয়েছে। বিশেষ করে উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে সাবেক প্রক্টর সাইফুদ্দীন আহমদের নেতৃত্বের প্রশংসা করেন তিনি।
নিজের দায়িত্বকাল নিয়ে মূল্যায়নে না গিয়ে মোনামী বলেন, জুলাই ও পরবর্তী সময়ের অভিজ্ঞতা তার কর্মজীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। তার ভাষ্য অনুযায়ী, এমন জটিল ও চ্যালেঞ্জপূর্ণ পরিস্থিতির মুখোমুখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম আগে খুব কমই হয়েছে।
সবশেষে নবনিযুক্ত প্রক্টর ও তার টিমকে অভিনন্দন জানিয়ে দায়িত্ব পালনে সফলতা কামনা করেন তিনি। একই সঙ্গে সাবেক প্রক্টর সাইফুদ্দীন আহমদের নেতৃত্বে কাজ করাকে নিজের জন্য সম্মানের বলে উল্লেখ করেন।
এর আগে রোববার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক সাইফুদ্দীন আহমদ। তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এ বি এম ওবায়দুল ইসলাম–এর কাছে পদত্যাগপত্র জমা দেন।
