ফ্রান্সে জন্ম হলেও ২০২৬ ফুটবল বিশ্বকাপে অ্যাঞ্জ-ইয়ান বনি খেলবেন আইভরিকোস্টের হয়ে। জাতীয়তা পরিবর্তনের অনুমোদন পাওয়ার মাত্র এক সপ্তাহের মধ্যেই তাকে বিশ্বকাপের চূড়ান্ত দলে জায়গা দিয়েছেন আইভরিকোস্টের কোচ এমার্স ফাই।
২২ বছর বয়সী এই ফরোয়ার্ড ফ্রান্সের বয়সভিত্তিক দলে খেলেছেন। তবে পারিবারিক শিকড় আইভরিকোস্টে হওয়ায় তিনি আফ্রিকার দেশটির হয়ে খেলার সিদ্ধান্ত নেন। গত ৮ মে আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা তার জাতীয়তা পরিবর্তনের আবেদন অনুমোদন করে। এরপরই বিশ্বকাপের জন্য ঘোষিত চূড়ান্ত দলে জায়গা পান তিনি।
বনির পাশাপাশি দলে ডাক পেয়েছেন আরেক ফ্রান্সে জন্ম নেওয়া ফরোয়ার্ড এলি ওয়াহিও। তিনিও আগে ফ্রান্সের অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলেছিলেন। চলতি বছরের শুরুতে জাতীয়তা বদলে আইভরিকোস্টের নাগরিকত্ব নেন তিনি। গত মার্চে স্কটল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে দেশটির জার্সিতে অভিষেকও হয়েছে তার।
বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে আগামী ৪ জুন ফ্রান্সের বিপক্ষে মাঠে নামবে আইভরিকোস্ট। সেই ম্যাচে জন্মভূমির বিপক্ষেই খেলতে দেখা যেতে পারে বনি ও ওয়াহিকে।
এবারের বিশ্বকাপে ‘ই’ গ্রুপে খেলবে আইভরিকোস্ট। তাদের প্রতিপক্ষ ইকুয়েডর, জার্মানি ও কুরাসাও। আগামী ১৪ জুন ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে আফ্রিকার দলটি।
আইভরিকোস্টের বিশ্বকাপ দল:
গোলকিপার: ইয়াহিয়া ফোপানা, মোহামেদ কোনে, আলবান লাফোঁ।
ডিফেন্ডার: ইমানুয়েল অ্যাগবাদু, ক্লেমেন্ট আকপা, উসমান দিওমান্দে, গুয়েলা দুয়ে, ঘিসলাইন কোনান, ওডিলন কসুউনু, ইভান এনডিকা, উইলফ্রিড সিঙ্গো।
মিডফিল্ডার: সেকো ফোপানা, পারফেইট গুইয়াগন, ক্রিস্ট ইনাও উলাই, ফ্রাঙ্ক কেসি, ইব্রাহিম সাঙ্গারে, জিন-মিকেল সেরি।
ফরোয়ার্ড: সাইমন আদিংরা, অ্যাঞ্জ-ইয়ান বনি, আমাদ দিয়াললো, উমর দিয়াকিতে, ইয়ান দিওমান্দে, ইভান গেসান্দ, নিকোলাস পেপে, বাজুমানা তুরে, এলি ওয়াহি।
