সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
Logo
×
মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘নাস্তিক’ ও ‘ইসলামবিদ্বেষী’ আখ্যা দিয়ে মানহানি মামলার আসামী হন তিনি

মানহানির মামলায় হাইকোর্টে আগাম জামিন পেলেন এমপি মুফতি আমির হামজা

প্রথম সমাচার ডেস্ক ২৭ এপ্রিল ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতা মুফতি আমির হামজাকে আট সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি জাহিদ সারওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ তার করা জামিন আবেদন শুনানি শেষে এ আদেশ দেন।

আদালত সূত্র জানায়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে করা মন্তব্যের জেরে দায়ের হওয়া মানহানির মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর তিনি উচ্চ আদালতের শরণাপন্ন হন। শুনানি শেষে আদালত তাকে নির্দিষ্ট সময়ের জন্য আগাম জামিন মঞ্জুর করেন।

এর আগে গত ২১ এপ্রিল সিরাজগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আদালতে হাজির হওয়ার জন্য সমন পাঠানো হলেও নির্ধারিত দিনে তিনি উপস্থিত না হওয়ায় বিচারক এ নির্দেশ দেন।

মামলার নথি অনুযায়ী, গত ২ এপ্রিল সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও অতিরিক্ত সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট হুমায়ুন কবির বাদী হয়ে মামলাটি দায়ের করেন। অভিযোগে বলা হয়, আমির হামজা প্রকাশ্য এক আলোচনায় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘নাস্তিক’ ও ‘ইসলামবিদ্বেষী’ আখ্যা দিয়ে তার সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন। এ অভিযোগে দণ্ডবিধির ২৯৬, ৫০০ ও ৫০৪ ধারায় মামলা গ্রহণ করা হয়।

জানা গেছে, গত মার্চ মাসের শেষ দিকে কুষ্টিয়া সদর উপজেলার একটি মসজিদে জুমার নামাজের আগে অনুষ্ঠিত আলোচনায় আমির হামজা এ বক্তব্য দেন। ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয় এবং পরবর্তীতে তা আদালত পর্যন্ত গড়ায়।

সর্বশেষ হাইকোর্টের এ আদেশে আপাতত গ্রেপ্তারের আশঙ্কা কাটলেও মামলার পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান থাকবে বলে সংশ্লিষ্ট আইনজীবীরা জানিয়েছেন।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...