ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর চতুর্থ কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে শিক্ষার্থীদের নিরাপত্তা, আবাসন, পরিবহন, অবকাঠামো ও একাডেমিক সুবিধা সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সভায় সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর নেতাকর্মীদের বিরুদ্ধে ডাকসু, হল সংসদ, সাধারণ শিক্ষার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি সদস্যদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে জড়িতদের হল ও একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে প্রস্তাব দেওয়া হয়েছে।
পরিবহন খাতে উন্নয়নের লক্ষ্যে আগামী সপ্তাহ থেকে রুট প্রাধান্যের ভিত্তিতে শনিবারের বাস সার্ভিস চালু এবং শাটল বাসসংক্রান্ত অভিযোগসমূহ দ্রুত সমাধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ডাকসুর উদ্যোগে আগামী মাসেই একটি আধুনিক বাস সার্ভিস চালুর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
আবাসন ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে হলে সিট বরাদ্দের ক্ষেত্রে কারণ উল্লেখ বাধ্যতামূলক করা, অবৈধভাবে অবস্থানকারীদের হল ত্যাগে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সংশ্লিষ্ট হল কর্তৃপক্ষকে তালিকা প্রস্তুতের নির্দেশনা দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে।
শিক্ষা ও প্রযুক্তিগত সুবিধা বৃদ্ধির অংশ হিসেবে প্রতিটি হলে কম্পিউটার ল্যাব স্থাপন এবং একজন করে কম্পিউটার অপারেটর নিয়োগের প্রস্তাব করা হয়েছে, যা উপাচার্য ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। একই সঙ্গে টিচার্স অ্যাসিস্ট্যান্টশিপ ও রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ চালুর নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উচ্চশিক্ষা সংক্রান্ত ভেরিফিকেশন ফি কমানোর প্রস্তাব ডিনস কমিটি পাস করে সিন্ডিকেটের অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে জানা গেছে।
ক্যাম্পাস অবকাঠামো উন্নয়নে হলপাড়ায় ফার্মেসি ও সাইকেল গ্যারেজ স্থাপন, সেন্ট্রাল লাইব্রেরির সামনে সাইকেল স্ট্যান্ড নির্মাণ এবং নিরাপত্তা জোরদারের বিষয়েও আলোচনা হয়েছে। রিকশা নিয়ন্ত্রণে প্রবেশদ্বারগুলোতে জনবল মোতায়েন ও অটোমেশন বা ডিজিটাল গেট স্থাপনের প্রস্তাবও উপস্থাপন করা হয়েছে।
সভায় জুলাই মাসের হামলায় জড়িত ছাত্রলীগের নেতাকর্মী ও অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে শাস্তি নিশ্চিত করার তাগিদ দেওয়া হয়। এছাড়া সেন্ট্রাল লাইব্রেরির এসি রক্ষণাবেক্ষণ, কলাভবনে লিফট বৃদ্ধি ও সংস্কার, কার্জন হলে ফটোকপি সেবা চালু এবং সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়।
প্রথম বর্ষের শিক্ষার্থীদের আবাসন বৃত্তি ও সিট নীতিমালার অগ্রগতি এবং একাডেমিক ক্যালেন্ডারে ডাকসু নির্বাচন অন্তর্ভুক্ত করার বিষয়েও আলোচনা হয়েছে। উপাচার্য এ বিষয়ে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন।
নারী শিক্ষার্থীদের জন্য নিজ নিজ হলে প্রবেশাধিকার নিশ্চিতকরণ, আন্তঃহল প্রবেশের সুযোগ বৃদ্ধি, দীর্ঘদিন বন্ধ থাকা ই-লাইব্রেরি পুনরায় চালু এবং সেন্ট্রাল মসজিদের এসির বিদ্যুৎ সংযোগ দ্রুত সম্পন্ন করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। আগামী মাসে নারী শিক্ষার্থীদের জন্য জিমনেসিয়াম উদ্বোধনের সিদ্ধান্তও গৃহীত হয়েছে।
এছাড়া প্রতিবন্ধীবান্ধব উদ্যোগ হিসেবে প্রতিটি বিভাগে ব্রেইল সাইন স্থাপন এবং লিফটে টকিং সাউন্ড চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডাকসুর সভাপতি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম সভাপতিত্ব করেন। সভা পরিচালনা করেন ডাকসুর জিএস এস এম ফরহাদ। এতে বক্তব্য রাখেন ডাকসুর ভিপি সাদিক কায়েম, এজিএস মহিউদ্দিন খান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এইচ এম মোশারফ হোসেন।
