সেদিন বিকেলে ঝুম বৃষ্টি হচ্ছিল,
তোমার সাথে দেখা করবো বলে কথা দেয়ায়,
বৃষ্টির প্রতিকূলতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে
ছুটে চললাম তোমার পাণে,
তুমি দূর থেকে আমাকে দেখে যারপরনাই বিস্মিত,
মাথার উপর ঝড়ো বৃষ্টি নিয়ে আমি সত্যিই আসবো বিশ্বাস হয়নি তোমার।
আমাদের কি ভাগ্য দেখ,
দুজনে একত্রিত হওয়ার পরই থেমে গেছে আকাশের কান্না,
হিজলের তলায় বসে আকাশের বৈচিত্র্য রুপ দেখে দুজনের সে কি মুগ্ধতা।
আমরা সেদিন একসাথে হাজারবার আকাশ দেখার শপথ করেছিলাম।
তোমার শুধু একটাই কথা ছিল,
যখনই বৃষ্টি নামবে, তখনই তুমি আসবে ছুটে আমার কাছে,
একসাথে বৃষ্টিস্নানে মেতে উঠবো দু’জন,
বৃষ্টি তোমার খুব প্রিয় তাই।
তারপর কেটে গেছে কত বছর,
তুমি হয়ে গেছ দূরের মানুষ,
অন্য কেউ হয়েছে তোমার সঙ্গী।
আজও আমি বৃষ্টিতে ভিজি,
মনে রেখে সেইসব দিনের স্মৃতি,
শুধু তুমি নেই পাশে, অন্য কারো হাত ধরে,
আষাঢ়-শ্রাবনের দিনে বৃষ্টিস্নানে মেতে উঠি, নিয়ম করে রোজ।
