রোববার, ২৪ মে ২০২৬
Logo
×
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাটল সমস্যা

চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধের হুঁশিয়ারি চবি শিক্ষার্থীদের

ক্যাম্পাস সমাচার ০৩ মে ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনের দীর্ঘদিনের অব্যবস্থাপনা নিরসন ও নিরাপত্তা জোরদারের দাবিতে আজ রোববার (৩ মে) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। ‘ভয়েস অব স্টুডেন্ট’-এর ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে সংগঠনটির সভাপতি ও ইসলামিক স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আশিকুর রহমান বলেন, প্রতিনিয়ত নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে শিক্ষার্থীদের এবং এর দ্রুত সমাধান এখন সময়ের দাবি। শাটল ট্রেনে নিরাপত্তা নিশ্চিত করা, নির্দিষ্ট সময়সূচি বজায় রাখা এবং আধুনিক মানের বগি সংযোজনের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

তিনি আরও জানান, আগামীকাল সোমবার (৪ মে) রেলওয়ের প্রতিনিধিদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। সেই বৈঠকে কার্যকর কোনো সমাধান না এলে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রাখার মতো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন শিক্ষার্থীরা।

এর আগে গত ২৩ এপ্রিল ‘শাটল ট্রেন সংস্কার আন্দোলন’ ব্যানারে প্রশাসনিক ভবনের সামনে কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা এবং ১১ দফা দাবি উত্থাপন করেন।

দাবিগুলোর মধ্যে রয়েছে ট্রেন ও কোচ সংখ্যা বৃদ্ধি, বিকল্প রুট নির্মাণ, নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী চলাচল নিশ্চিত করা, নিরাপত্তাকর্মী নিয়োগ, বগি সংস্কার ও নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং স্টেশন অবকাঠামো ও প্ল্যাটফর্ম উন্নয়ন।

চাকসুর যোগাযোগ ও আবাসনবিষয়ক সম্পাদক ইসহাক ভুঁঞা জানান, বহু বছর ধরে শাটল ট্রেনের সমস্যাগুলো প্রশাসনের কাছে তুলে ধরা হলেও কোনো সমাধান মেলেনি। এই পরিস্থিতিতেই বাধ্য হয়ে আন্দোলনে নামতে হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, শাটল ট্রেনে পাথর নিক্ষেপ, নারী শিক্ষার্থীদের হেনস্তা এবং রাজনৈতিক দুর্বৃত্তায়নের মতো ঘটনা বারবার ঘটলেও প্রশাসন কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। সোমবারের বৈঠকের ফলাফলের দিকে তাই এখন উদ্বিগ্ন দৃষ্টিতে তাকিয়ে আছেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...