জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আজ শনিবার বিকেল ৩টায় প্রথম ধাপে ১০০ জন উপজেলা চেয়ারম্যান ও পৌরসভা মেয়র পদপ্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে।
দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম গত মঙ্গলবার রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে এক যোগদান অনুষ্ঠানে এই ঘোষণা দেন।
সারজিস আলম জানান, মূলত গত ৩০ এপ্রিলের মধ্যেই এই তালিকা প্রকাশের কথা ছিল। তবে দলীয় ও ব্যক্তিগত কিছু সমস্যার কারণে তারিখটি পিছিয়ে নেওয়া হয়।
প্রার্থীদের যোগ্যতা, জনপ্রিয়তা এবং মাঠপর্যায়ের সাংগঠনিক অবস্থান বিবেচনায় নিয়ে তালিকাটি চূড়ান্ত করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। মূলত নির্বাচনের আগেই ভোটারদের কাছে প্রার্থীদের পরিচিত করে তোলাই এই উদ্যোগের প্রধান লক্ষ্য।
এনসিপি ইতোমধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণসহ পাঁচটি সিটি কর্পোরেশনে মেয়র পদপ্রার্থীর নাম ঘোষণা করেছে। সারজিস জানান, বাকি সাতটি সিটি কর্পোরেশনেও এই মাসের মধ্যেই এনসিপি সমর্থিত মেয়র পদপ্রার্থীদের নাম ঘোষণা করা হবে।
পর্যায়ক্রমে সারা দেশের প্রতিটি উপজেলা, পৌরসভা এমনকি কাউন্সিলর পদেও এনসিপির সমর্থিত প্রার্থী থাকবে।
এনসিপি বর্তমানে ১১ দলীয় জোটের অংশ হলেও স্থানীয় নির্বাচনে দলটি এককভাবে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সারজিস আলম এ প্রসঙ্গে বলেন, বিরোধী দল হিসেবে সংসদে ভূমিকা রাখার পাশাপাশি এনসিপিকে সাংগঠনিক ও রাজনৈতিকভাবে শক্তিশালী করে গড়ে তোলার প্রক্রিয়া একই সঙ্গে চলছে।
এদিকে তিনি বিএনপির বিরুদ্ধেও সরাসরি অভিযোগ তোলেন। তার দাবি, বিএনপি স্থানীয় সরকার নির্বাচন ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত পিছিয়ে দেওয়ার পরিকল্পনা করছে এবং উপজেলা পরিষদ বিলুপ্ত করার চেষ্টা চালাচ্ছে।
এর তীব্র সমালোচনা করে সারজিস বলেন, এই বছরের মধ্যেই সিটি কর্পোরেশন, উপজেলা ও পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়া জরুরি।
