জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তর আহ্বায়ক কমিটির সদস্যসচিব সর্দার আমিরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার দলটির পক্ষ থেকে জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়।
বহিষ্কার আদেশে বলা হয়েছে, এর আগে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে গত ৩ মার্চ তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্কও করা হয়।
তবে নোটিশ ও সতর্কতার পরও তিনি পুনরায় দলীয় শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে জড়িত হয়েছেন বলে অভিযোগ করেছে দলটি। এতে বলা হয়, তার কর্মকাণ্ড দলীয় গঠনতন্ত্র ও নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন।
পরবর্তীতে বিষয়টি পুনর্বিবেচনা করে কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে তাকে দলীয় সব সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। একই সঙ্গে ঢাকা মহানগর উত্তর আহ্বায়ক কমিটির সদস্যসচিব পদ থেকেও তাকে বহিষ্কার করা হয়েছে। সিদ্ধান্তটি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে বলে জানানো হয়।
উল্লেখ্য, সর্দার আমিরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে নিহত ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের বড় ভাই।
