শনিবার, ১৮ জুলাই ২০২৬
Logo
×

গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির সঙ্গে পাল্লা দেওয়া কঠিন, স্বীকার করলেন হালান্ড

প্রথম সমাচার ডেস্ক ২৮ জুন ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

বিশ্বকাপের মঞ্চে লিওনেল মেসির দুর্দান্ত পারফরম্যান্সে মুগ্ধ হয়ে গোল্ডেন বুটের লড়াই নিয়ে নিজের মন্তব্য জানিয়েছেন নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড। তিনি বলেছেন, বর্তমান ফর্মে থাকা মেসিকে টপকে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জেতা সহজ হবে না।

জর্ডানের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমে ফ্রি-কিক থেকে গোল করে বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোল করার নতুন রেকর্ড গড়েন আর্জেন্টাইন অধিনায়ক। একই সঙ্গে বিশ্বকাপ ইতিহাসে নিজের মোট গোলসংখ্যা ১৯-এ উন্নীত করেন তিনি।

মেসির এই পারফরম্যান্সের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে হালান্ড লেখেন, “মেসি আমাকে কখনোই বিশ্বকাপের গোল্ডেন বুট ছুঁতে দেবে না।”

চলতি বিশ্বকাপে হালান্ডও দারুণ ছন্দে রয়েছেন। প্রথম দুই ম্যাচে চার গোল করে নরওয়েকে নকআউট পর্বে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। শেষ গ্রুপ ম্যাচে বিশ্রামে থাকায় ফ্রান্সের বিপক্ষে মাঠে নামেননি এই স্ট্রাইকার।

অন্যদিকে, জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার শুরুর একাদশে একাধিক পরিবর্তন আনেন কোচ লিওনেল স্কালোনি। ফলে প্রথম এক ঘণ্টা বেঞ্চে ছিলেন মেসি। তার অনুপস্থিতিতেই জিওভানি লো সেলসো ও লাউতারো মার্তিনেজের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা।

৬০ মিনিটে মাঠে নেমেই আক্রমণে নতুন গতি আনেন মেসি। ম্যাচের ৮০তম মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক ফ্রি-কিকে গোল করে দলকে ৩-১ ব্যবধানে এগিয়ে দেন তিনি। এই গোলের মধ্য দিয়ে বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোল করার নজির গড়ে ফ্রান্সের জুস্ত ফঁতেন ও ব্রাজিলের জাইরজিনিওকে ছাড়িয়ে যান আর্জেন্টাইন অধিনায়ক।

এ পর্যন্ত টুর্নামেন্টে ছয় গোল করে গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষস্থানেও রয়েছেন মেসি।

ম্যাচ শেষে কোচ লিওনেল স্কালোনি জানান, প্রয়োজন হলে পুরো ম্যাচই খেলতে পারতেন মেসি। তবে নকআউট পর্বের কথা বিবেচনায় রেখে তিনি নিজেই কিছুটা বিশ্রাম নিতে এবং অন্য খেলোয়াড়দের সুযোগ দিতে সম্মত হন।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...