বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
Logo
×

ইবিতে শিক্ষিকাকে ছুরিকাঘাতে হত্যার পর কর্মচারীর আত্মহত্যার চেষ্টা

ইবি প্রতিনিধি ০৪ মার্চ ২০২৬, ০৭:০১ অপরাহ্ন

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়-এ এক শিক্ষিকাকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। একই ঘটনায় অভিযুক্ত হিসেবে সন্দেহভাজন এক কর্মচারী আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে।

নিহত শিক্ষিকা আসমা সাদিয়া রুনা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক ছিলেন। বুধবার (৪ মার্চ) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনে অবস্থিত সমাজকল্যাণ বিভাগের তার নিজ কক্ষে এ হামলার ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ঘটনার পর রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কর্মচারী ফজলুর রহমানকে একই কক্ষ থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, তিনি নিজেই আত্মহত্যার চেষ্টা করেন।

খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও ইবি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নেয়। পরে তাদের আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতাল-এ স্থানান্তর করা হয়।

হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. ইমাম হোসাইন জানান, চিকিৎসাধীন অবস্থায় আসমা সাদিয়া রুনাকে মৃত ঘোষণা করা হয়েছে। অপরজনের চিকিৎসা চলছে।

ঘটনার কারণ ও পটভূমি জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনও পৃথকভাবে বিষয়টি খতিয়ে দেখছে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...