বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
Logo
×
দুর্নীতির অভিযোগে আসিফের জবাব

ব্যাংক হিসাব প্রকাশ করলেন আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক ০৪ মার্চ ২০২৬, ১১:৫১ অপরাহ্ন

সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিজের ও পরিবারের সদস্যদের একাধিক ব্যাংক হিসাবের তথ্য প্রকাশ করেছেন। বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ তথ্য তুলে ধরেন।

পোস্টে তিনি জানান, তার ব্যক্তিগত দুটি ব্যাংক হিসাবে ২০২৪ সালের মার্চ থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত লেনদেনের সারসংক্ষেপ প্রকাশ করা হয়েছে। এর মধ্যে ডাচ-বাংলা ব্যাংক পিএলসি-এ তার হিসাবে উল্লিখিত সময়ে মোট জমা ৮৫ লাখ ৮১ হাজার ৯৬১ টাকা এবং উত্তোলন ৭৬ লাখ ৩ হাজার ৩৩৫ টাকা। বর্তমান স্থিতি দেখানো হয়েছে ৯ লাখ ৭৮ হাজার ৬২৬ টাকা। এছাড়া সোনালী ব্যাংক পিএলসি-এ ২০২৫ সালের ডিসেম্বর থেকে খোলা হিসাবে বর্তমান স্থিতি ৯ হাজার ৯৩০ টাকা বলে উল্লেখ করা হয়েছে।

তার স্ত্রীর নামে প্রাইম ব্যাংক পিএলসি-এর একটি হিসাবে ২০২৫ সালের মে থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত মোট জমা ৫১৫ টাকা এবং বর্তমান স্থিতি ৬১৩ টাকা উল্লেখ করা হয়েছে।

আসিফ মাহমুদের পিতার নামে একাধিক ব্যাংক হিসাবের তথ্যও প্রকাশ করা হয়েছে। এর মধ্যে জনতা ব্যাংক পিএলসি-এর একটি হিসাবে বর্তমান স্থিতি ৫১ হাজার ৯৯০ টাকা রয়েছে। একই ব্যাংকে ১০ লাখ টাকার একটি ঋণ হিসাবের তথ্য দিয়ে তিনি জানান, এ পর্যন্ত ৩ লাখ ৭০ হাজার ২৫৪ টাকা পরিশোধ করা হয়েছে এবং অবশিষ্ট দায় ৬ লাখ ২৯ হাজার ৭৪৬ টাকা।

এছাড়া রূপালী ব্যাংক পিএলসি ও অগ্রণী ব্যাংক পিএলসি-এ থাকা হিসাবের লেনদেন ও বর্তমান স্থিতিও পোস্টে তুলে ধরা হয়। পিতার নামে এনআরবিসি ব্যাংক পিএলসি-এ ‘ইসরাত এন্টারপ্রাইজ’ নামে একটি ব্যবসায়ী হিসাব রয়েছে, যেখানে বর্তমান স্থিতি ৪ লাখ ৯০৩ টাকা বলে উল্লেখ করা হয়েছে।

মায়ের নামে রূপালী ব্যাংক পিএলসি-এর একটি হিসাবে বর্তমান স্থিতি ২১ হাজার ১৫৪ টাকা রয়েছে বলেও পোস্টে জানানো হয়।

আসিফ মাহমুদ বলেন, উল্লিখিত ৯টি হিসাবের পূর্ণাঙ্গ স্টেটমেন্টের সফট কপি সাংবাদিকদের সরবরাহ করা হয়েছে।

সম্প্রতি বিভিন্ন মহলে আর্থিক স্বচ্ছতা নিয়ে আলোচনা চলার প্রেক্ষাপটে তার এই পদক্ষেপকে অনেকে জবাবদিহিতার উদ্যোগ হিসেবে দেখছেন। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট অন্য কোনো পক্ষের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...