সোমবার, ১৮ মে ২০২৬
Logo
×

ইরান ইস্যুতে ৫ দফা প্রস্তাব চীনের

প্রথম সমাচার ডেস্ক ১৬ মে ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও ইরান সংকট নিরসনে পাঁচ দফা শান্তি প্রস্তাব তুলে ধরেছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানকে ঘিরে চলমান সংঘাত শুধু আঞ্চলিক স্থিতিশীলতাই নয়, বরং বৈশ্বিক অর্থনীতি, জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যের ওপরও নেতিবাচক প্রভাব ফেলছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ইরান ও মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত “কখনোই হওয়া উচিত ছিল না”। এই সংঘাত ইরানসহ সংশ্লিষ্ট অঞ্চলের সাধারণ মানুষের জন্য অপূরণীয় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।

বেইজিং সাম্প্রতিক যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে বলেছে, আলোচনার পথ একবার খুলে গেলে সেটি আর বন্ধ করা উচিত নয়। চীনের মতে, কূটনৈতিক আলোচনা ও রাজনৈতিক সমাধানই সংকট নিরসনের একমাত্র কার্যকর পথ; সামরিক শক্তির ব্যবহার পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে।

চীন আরও জানিয়েছে, পারস্য উপসাগরীয় গুরুত্বপূর্ণ নৌপথ দ্রুত খুলে দেওয়া প্রয়োজন, যাতে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা ও জ্বালানি বাজারে স্থিতিশীলতা ফিরে আসে।

মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠায় চীন ও পাকিস্তান যৌথভাবে পাঁচ দফার একটি শান্তি উদ্যোগ গ্রহণ করেছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। যদিও প্রস্তাবগুলোর বিস্তারিত আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, তবে এতে যুদ্ধবিরতি, সংলাপ ও আঞ্চলিক সহযোগিতার ওপর জোর দেওয়া হয়েছে।

চীনের পক্ষ থেকে আরও বলা হয়, প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যপ্রাচ্য শান্তি উদ্যোগের আলোকে বেইজিং ভবিষ্যতেও “গঠনমূলক ও দায়িত্বশীল” ভূমিকা পালন করে যাবে।

সূত্র: আল জাজিরা

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...